• কয়েকদিন আগেই অনুরাগীর প্রশ্নের জবাবে ইঙ্গিত দিয়েছিলেন। এবার তা সত্যিই হতে চলেছে বলে জল্পনা ইন্ডাস্ট্রিতে। ফের পর্দায় জুটি বাঁধছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। ১০ বছর পর সেই জুটিকে দেখবেন দর্শক। ‘তামাশা’কে যে জুটির শেষ ছবি বলে একপ্রকার ধরেই নিয়েছিলেন সকলে, সেই জুটি ফিরছে। তা সত্যি হচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে। রাজ কাপুরের ক্লাসিক ছবি ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য সাজাচ্ছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত পরিচালক। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর-দীপিকাকে। সম্প্রতি জানা গিয়েছিল, এবার প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতার। ‘আরকে ফিল্মস’-এর ব্যানারে ছবি তৈরি করবেন রণবীর। শোনা যাচ্ছে, সেই প্রযোজনা সংস্থার অধীনেই তৈরি হবে নতুন ছবিটি। সূত্রের খবর, রাজ কাপুর অভিনীত ১৯৫৬ সালের ছবিটিতে দেখা যায়, বিপুল সম্পত্তির মালিকের মেয়ে পালিয়ে যায় বাড়ি থেকে। রাস্তায় দেখা হয় এক সাংবাদিকের সঙ্গে। তারপর প্রেম। অয়নের ছবিতেও এভাবেই নাকি গল্প এগবে। গল্পকে সময়োপযোগী করে তুলতে বেশ কিছু ট্যুইস্ট যোগ করছেন তিনি। দীর্ঘদিন ধরেই দর্শক চাইছিলেন ফের রণবীর-দীপিকার জুটিকে পর্দায় দেখতে। একসময় ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। পরে অবশ্য তা ভেঙে যায়। বর্তমানে দু’জনেই তাঁদের সংসার নিয়ে ব্যস্ত। এই আবহে ১০ বছর পর দুই তারকার জুটি বাঁধার খবর উজ্জীবিত করেছে অনুরাগীদের।



