Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রতিকূল আবহাওয়া, কাশ্মীরে জাফরান চাষে কোপ গত কয়েক বছরের তুলনায় উৎপাদন মাত্র ১০ শতাংশ

লাগাতার তাপমাত্রার হেরফের। তার সঙ্গে প্রবল শুষ্কতা। গত কয়েক বছরে এই প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে কাশ্মীরের জাফরান শিল্পে

প্রতিকূল আবহাওয়া, কাশ্মীরে জাফরান চাষে কোপ গত কয়েক বছরের তুলনায় উৎপাদন মাত্র ১০ শতাংশ
  • ৩০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: লাগাতার তাপমাত্রার হেরফের। তার সঙ্গে প্রবল শুষ্কতা। গত কয়েক বছরে এই প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে কাশ্মীরের জাফরান শিল্পে। কৃষকরা জানাচ্ছেন, গত কয়েক বছরে জাফরান ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হয়েছে। মূলত পাম্পোরে সবচেয়ে বেশি জাফরানের চাষ হয়। সেই কৃষকদের এখন মাথায় হাত। স্যাফ্রন গ্রোয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মাজিদ ওয়ানি বলেন, গত কয়েক বছরের তুলনায় এবারে মাত্র মাত্র ১০ শতাংশ জাফরান উৎপাদন হয়েছে। 

Advertisement

বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরের আবহাওয়া স্থিতিশীল না হলে আগামী বছর জাফরান চাষ আরও কমবে। একমাত্র কৃত্রিম সেচ ব্যবস্থার মাধ্যমে জাফরান চাষ সম্ভব। জাফরান গবেষক অধ্যাপক এস এ দর জানিয়েছেন, শুধুমাত্র জলবায়ুর এই পরিবর্তনের জন্যই জাফরান চাষ ব্যাপক হারে কমছে। যে সময় অনুকূল আবহাওয়া থাকা প্রয়োজন, তখন অতিরিক্ত শুষ্কতার কারণে চাষের ক্ষতি হচ্ছে। অক্টোবরের ২৫ থেকে শুরু করে টানা নভেম্বর মাস উপত্যকায় ৫ ডিগ্রির কম তাপমাত্রা রয়েছে। ফলে আবহাওয়া একেবারে শুষ্ক হয়ে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে জাফরানের বীজে। চলতি মরশুমে যেভাবে প্রবল ঠান্ডা পড়েছে, আশঙ্কা করা হচ্ছে আগামী বছরে তাপমাত্রা আরও কমবে। অবিলম্বে কৃত্রিম সেচ শুরু করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে কৃষিদপ্তরের প্রধান সরতাজ আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনও জবাব মেলেনি। তবে ওই দপ্তরের কর্তারা জানান, কৃত্রিম সেচের কাজ শুরু হয়েছে। আশা করা যায়, আগামী মরশুমে জাফরান চাষে সুফল মিলবে। যদিও এই চাষের সঙ্গে যুক্ত ইজাজ আহমেদ খানের আক্ষেপ, কাশ্মীরের ঐতিহ্যকে রক্ষা করার ব্যাপারে সরকারের কোনও আগ্রহ নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ