কালীপুজোয় ভিড় নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি, সক্রিয় পুলিশ কর্তারা
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের কালীপুজোয় ভিড় সামলানোই পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও মানুষ ভিড় করেন বারাসতে। সেই বিপুল জনসমাগম সামাল দিতে আগে থেকেই ছক সাজাতে শুরু করল পুলিশ। প্রতিমা দর্শন ও মেলায় যাতায়াতের জন্য পৃথক রাস্তার ব্যবস্থা, মণ্ডপে প্রবেশ ও বেরনোর পথ নির্দিষ্ট করা এবং গুরুত্বপূর্ণ পুজোগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। গোটা ব্যবস্থার উপর নজর রাখবেন পদস্থ সিনিয়ার পুলিশকর্তারা। বৃহস্পতিবার দুপুরে বারাসতের পুজো প্রস্তুতি খতিয়ে দেখেন এডিজে সাউথ বেঙ্গল রাজেশ সিং। সঙ্গে ছিলেন ডিআইজি বারাসত দীনেশ কুমার, বারাসতের এসপি জে মার্সি সহ অনান্যরা। 

Advertisement

গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারে নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান রাজেশবাবু। তিনি বলেন, গত বছরের ব্যবস্থাপনা এবং ভিডিয়ো দেখে ভিড় নিয়ন্ত্রণের খুঁটিনাটি পর্যালোচনা করা হচ্ছে। বড়ো পুজোয় অতিরিক্ত পুলিশকর্মীর পাশাপাশি পদস্থ আধিকারিকদেরও মোতায়েন করা হবে। ভিড়ের চাপে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম পরিকল্পনায় জোর দিচ্ছে পুলিশ। শুধু মণ্ডপ নয়, মেলা চত্বরের নিরাপত্তা নিয়েও সতর্ক প্রশাসন। দুর্ঘটনার আশঙ্কা তৈরি করতে পারে, এমন কিছু না রাখার জন্য উদ্যোক্তাদের অনুরোধ করা হয়েছে। বার বার হুইসেলের শব্দে দর্শনার্থীদের প্রতিমা দর্শন বা পুজো দিতে অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রাজেশ সিং। পুজো কমিটির সঙ্গে সমন্বয় রেখে নির্বিঘ্নে প্রতিমা দর্শন নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।