Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় মহিলা কলেজের জমি ফিরিয়ে দিতে তৎপর প্রশাসন

এমন অভিযোগ নিয়ে ‘বর্তমান’-এ খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসল পুরসভা এবং পুলিশ

হাবড়ায় মহিলা কলেজের জমি ফিরিয়ে দিতে তৎপর প্রশাসন
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়ার বাণীপুর মহিলা কলেজের জমি ‘দখল’ হয়ে গিয়েছে। এমন অভিযোগ নিয়ে ‘বর্তমান’-এ খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসল পুরসভা এবং পুলিশ। মঙ্গলবার হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা ও হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী বাণীপুর মহিলা কলেজে গিয়ে সব সরেজমিনে খতিয়ে দেখেন। কলেজের উন্মুক্ত জমি ও ন্যাশনাল সার্ভিস স্কিমের ক্লাস ঘরটিও ঘুরে দেখেন তাঁরা। বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাঁরা কথা বলেন কলেজের অধ্যক্ষার সঙ্গে। দুর্গাপুজোর পরেই কলেজের জমি চিহ্নিত করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, হাবড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে বাণীপুর মহিলা কলেজে পড়ুয়ার সংখ্যা প্রায় ৭০০। কিন্তু জমির চারদিকে কোনও প্রাচীর নেই। সেই সুযোগে বহিরাগত যুবকরা হামেশাই কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ছিলেন বলেও অভিযোগ। কলেজের জমি দখল করে বেআইনি নির্মাণেরও অভিযোগ ওঠে। ফলে, ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে সরব হন কলেজের অধ্যক্ষা বিদিশা ঘোষদস্তিদার। এরপর মঙ্গলবার কলেজের জমি পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। এই প্রসঙ্গে হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, কলেজের চারদিকে প্রাচীর দেওয়া জরুরি। অধ্যক্ষাকে বলেছি বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের ব্যবস্থা করা হবে। পুজোর পরেই কলেজের জমি চিহ্নিত করার কাজ হবে। এই প্রসঙ্গে কলেজ অধ্যক্ষা বিদিশা ঘোষ দস্তিদার বলেন, ওঁরা আজ এসেছিলেন। আমি গত ১০ বছর ধরে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য শিক্ষাদপ্তরে আবেদন করে চলেছি। ওঁরা যদি এই কাজটা করে দেন, তাহলে খুব ভালো হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ