Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতুড়ে, নার্সিংহোমের চক্রান্ত আটকে শিশুর ভুয়ো অস্ত্রোপচার রুখল প্রশাসন

হাতুড়ে, নার্সিংহোমের চক্রান্ত আটকে শিশুর ভুয়ো অস্ত্রোপচার রুখল প্রশাসন
  • ৭ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: হাতুড়ে ডাক্তার ও নার্সিংহোমের চক্রান্ত বানচাল করে ছ’বছরের শিশুর ভুয়ো অস্ত্রোপচার রুখে দিল প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বিশেষ নজরদারি দল।

Advertisement

মালদহের অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) শেখ আনসার আহমেদ বলেন, এক শিশুর অহেতুক অস্ত্রোপচার আটকানো গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের টিম কড়া নজরদারি চালাচ্ছে। 
প্রশাসন এবং স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে মানিকচক ব্লকের বছর ছয়ের এক শিশুকন্যার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। শিশুটির বাবা কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। মা দুলি মণ্ডল স্থানীয় এক হাতুড়ের কাছে মেয়ের চিকিৎসা করাতে নিয়ে যান। দুলির অভিযোগ, ওই হাতুড়ে তাঁকে জানান, মেয়ের অ্যাপেন্ডিক্সে সমস্যা হয়েছে। দ্রুত তার অস্ত্রোপচার করাতে হবে। তার আগে মেয়ের পেটের ইউএসজি করাতে হবে। 
শিশুটির মা জানান, ওই হাতুড়ে ইংলিশবাজার শহরের একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকেই তাঁর মেয়ের ইউএসজি করানোর পরামর্শ দেন। কিন্তু হাতুড়ের কথা না শুনে দুলি ইংলিশবাজারের একটি প্রতিষ্ঠিত নার্সিংহোমের ডায়াগনস্টিক সেন্টার থেকে মেয়ের ইউএসজি করান। সেখানকার রিপোর্টে পেটের কোনও সমস্যাই ধরা পড়েনি। শিশুটির পেটে গ্যাস থেকে যন্ত্রণা হচ্ছে বলে জানানো হয়। 
কিন্তু গ্রামে গিয়ে দুলি হাতুড়েকে সেই রিপোর্ট দেখাতেই তিনি রেগে যান এবং শিশুর মাকে একপ্রকার জোর করেই গৌড় রোডের নির্দিষ্ট ওই ডায়াগনস্টিক সেন্টারে ফের একবার ইউএসজি করতে পাঠান। আশ্চর্যজনকভাবে সেখানকার রিপোর্টে অ্যাপেন্ডিক্সের সমস্যা ধরা পড়ে। এরপর ওই অভিযুক্ত হাতুড়ে দুলিকে কালিয়াচকের একটি নির্দিষ্ট নার্সিংহোম থেকে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করানোর জন্য জোর করতে থাকেন।   
হাতুড়ের কথায় বিভ্রান্ত হয়ে দুলি তাঁর শিশুকন্যাকে নিয়ে কালিয়াচকের সেই নার্সিংহোমে চলে যান। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কিছু সমস্যা থাকায় শিশুর মাকে নার্সিংহোম কর্তৃপক্ষ জেলা প্রশাসনিক কার্যালয়ে যোগাযোগ করতে বলে। দুলি জেলা প্রশাসনিক কার্যালয়ে গেলে দু’রকমের রিপোর্ট দেখে সন্দেহ হয় স্বাস্থ্যদপ্তর ও জেলা প্রশাসনের বিশেষ নজরদারি দলের। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা মিটিয়ে দিলেও শিশুটির মাকে অস্ত্রোপচার না করাতে বলেন।  
এদিকে হাতুড়ের ক্রমাগত চাপে ফের একবার বিভ্রান্ত হয়ে বৃহস্পতিবার শিশুর অস্ত্রোপচার করাতে কালিয়াচকের ওই নার্সিংহোমে নিয়ে যায় তার পরিবার। পাশাপাশি শিশুর মা ফোন করে বিষয়টি বিশেষ নজরদারি টিমকেও জানিয়ে দেন। তাঁরা সঙ্গে সঙ্গে ডাক্তার এবং পুলিস নিয়ে ওই নার্সিংহোমে গিয়ে শিশুকে উদ্ধার করে নিয়ে আসেন। 
দুলি বৃহস্পতিবার বলেন, প্রশাসন পাশে না থাকলে মেয়ের ভুল অস্ত্রোপচার হয়ে যেত। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুনানির জন্য শুক্রবার অভিযুক্ত নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার এবং ওই হাতুড়েকে জেলা প্রশাসনিক কার্যালয়ে ডাকা হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ