নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কালীপুজোয় নৈহাটিতে প্রবল ভিড়ের আশঙ্কা করে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা নৈহাটি স্টেশন পরিদর্শন করে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছেন, ৬ নম্বর প্ল্যাটফর্মে নতুন ফুট ওভারব্রিজ তৈরি হবে। নৈহাটিতে অমৃত ভারত মডেল স্টেশন তৈরির কাজ চলছে। কালীপুজোয় দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, ভিড়ের চাপ সামলাতে এদিনই নৈহাটি স্টেশন সংলগ্ন আরবিসি রোডে বাস বা বড়ো গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে চারচাকা বা দু’চাকার গাড়ির উপর তেমন কোনো বিধিনিষেধ নেই।
পরিবর্তনের আবহে এবার বড়মা’র মন্দিরের দীর্ঘদিনের ট্যাগলাইনেও বদল এসেছে। তৃণমূল জমানায় ছিল, ‘ধর্ম হোক যার যার, বড়মা সবার।’ এবার তা বদলে হয়েছে ‘বড়মা’র ভক্তি, সনাতনের শক্তি।’ নতুন এই স্লোগানকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, মন্দির কমিটির সম্পাদক কমলকুমার ঘোষ সহ বিশিষ্টদের উপস্থিতিতে নতুন ট্যাগলাইনের সূচনা হল এদিন।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, শুক্রবার থেকে আগামী ১৪ তারিখ পর্যন্ত বড়মা’র মন্দির সাধারণের জন্য বন্ধ থাকবে। শনিবার অরবিন্দ রোডে ২১ ফুট উচ্চতার বড়মাকে সোনা-রুপোর গয়নায় সাজিয়ে তোলা হবে। শনিবার রাত ১২টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভক্তরা দণ্ডী কাটতে পারবেন। পুজো শুরু হবে রাত ১২টায়।



