শহরের প্রাথমিক স্কুলের অতিরিক্ত শিক্ষকদের বদলি করা হবে গ্রামে
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার শহরের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়ার তুলনায় শিক্ষক সংখ্যা মাত্রাতিরিক্ত। তুলনায় শিক্ষকের সংখ্যা কম জেলার প্রান্তিক গ্রামীণ স্কুলগুলিতে। এই সমস্যা মেটাতে পদক্ষেপ করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রাইমারি স্কুল সংসদ। এ ব্যাপারে শহরের প্রাইমারি স্কুলগুলি থেকে অতিরিক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হবে। যাতে গ্রামীণ স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি মেটে। রবিবার একথা জানান, জেলা প্রাইমারি স্কুল সংসদের নতুন সভাপতি সুব্রত সরকার। তিনি বলেন, বদলির প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুজোর ছুটি শেষে, অতিরিক্ত শিক্ষক-শিক্ষিকাদের গ্রামীণ স্কুলগুলিতে বাধ্যতামূলকভাবে যোগদান করতে হবে। 

Advertisement

পুজোর ঠিক আগেই জেলা প্রাইমারি স্কুল সংসদের নতুন সভাপতি নিযুক্ত হন সুব্রত। তার পরপরই শুরু হয়ে যায় পুজোর ছুটি। বন্ধ হয়ে যায় স্কুলগুলি। ওই পরিস্থিতিতেই অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রস্তুত করে প্রথম ধাপে ১২ জন শিক্ষকের বদলির নির্দেশ হয়ে গিয়েছে। 
সংসদ সভাপতি বলেন, যে সব স্কুলে পড়ুয়া সংখ্যা খুব কম রয়েছে বা শূন্য, সেই সার্কেলের এসআইদের সঙ্গে আলোচনা করে নতুন এসওপি তৈরি করা হয়। এবার সেটা কার্যকর হচ্ছে। 
জেলা প্রাইমারি স্কুল সংসদে সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ন’টি ব্লকে ১ হাজার চারশোর বেশি প্রাইমারি স্কুলে বর্তমানে ৪ হাজার ন’শো জনেরও বেশি শিক্ষক নিযুক্ত রয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে জেলার রায়গঞ্জ সদর সার্কেলের প্রাইমারি স্কুলগুলি সহ জেলার শহুরে স্কুলে শিক্ষক সংখ্যা আশ্চর্যজনকভাবে বেশি।  রায়গঞ্জ করোনেশন প্রাইমারি স্কুল, রায়গঞ্জ রামকৃষ্ণ প্রাইমারি সহ বেশ কয়েকটি স্কুলে অতিরিক্ত শিক্ষক কর্মরত। রাজ্যে পালাবদলের আগে গ্রামীণ এলাকার স্কুলগুলি থেকে শিক্ষকরা শহরের স্কুলে বদলি হয়ে আসেন। এতে গ্রামীণ স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি দেখা দেয়। যা ইতিমধ্যে শিক্ষা দপ্তরের নজরে এসেছে। 
জানা গিয়েছে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং ইসলামপুর শহরের একাধিক স্কুলে পড়ুয়াদের অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি। এবার শিক্ষক বদলি করে পরিস্থিতি সামাল দেওয়ার পালা বলে জেলা প্রাইমারি স্কুল সংসদ সূত্রে জানা গিয়েছে।