• বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করে মামলা দায়ের করেছেন তিনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ইন আন্ধেরি কোর্ট অব মহারাষ্ট্র মুম্বইতে এই মামলা দায়ের করলেন নায়িকা। পাশাপাশি মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করে বিচ্ছেদের ঘোষণা করেন অভিনেত্রী। পিটারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। ‘নো এন্ট্রি’, ‘আপনা সপনা মানি মানি’, ‘গোলমাল রিটার্নস’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সেলিনা। ২০১১ সালে অস্ট্রেলিয়া নিবাসী ব্যবসায়ী পিটারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। চার সন্তানের জন্মও দিয়েছিলেন নায়িকা। যদিও এক সন্তানের মৃত্যু হয়েছে। স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ সেলিনার? তিনি জানিয়েছেন, পিটার তাঁর উপর অত্যাচার করেন। তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সন্তানদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে দেন না পিটার, অভিযোগ সেলিনার। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ৫০ কোটি টাকা দাবি করেছেন নায়িকা। এই মামলার আগামী শুনানি ১২ ডিসেম্বর। উল্লেখ্য, একটি ব্র্যান্ডের ফ্যাশন অনুষ্ঠানে দুবাইতে প্রথম পিটারের সঙ্গে দেখা হয় সেলিনার। তারপর শুরু সম্পর্ক। সেই সম্পর্কের এবার ইতি।



