Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘অভিনয়ের কোনও ডেস্টিনেশন নেই, এটা একটা জার্নি’

হামারে রাম’ থিয়েটার নিয়ে কলকাতায় আসছেন আশুতোষ রানা।

‘অভিনয়ের কোনও ডেস্টিনেশন নেই,  এটা একটা জার্নি’
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শান্তনু দত্ত :• রাম নাকি রাবণ, কাকে পছন্দ? 
•• ব্যক্তিগত জীবনে রাম। তবে মঞ্চ বা পর্দার ক্ষেত্রে রাবণ (হাসি)। 
• কেন? 
•• রাম আসলে মহানায়ক। কেবল বন্ধু নয়, শত্রুরাও ওঁকে শ্রদ্ধা করে। ভালোবাসে। সেই কারণে রাবণের দৃষ্টিভঙ্গিতে রামকে চেনার চেষ্টা করি বারবার। রাবণ ছাড়া রামকে ভাবা যাবে না। 
• প্যান ইন্ডিয়ান ছবি তো এখন হামেশাই হচ্ছে। প্যান ইন্ডিয়ান থিয়েটার করার কথা ভাবলেন কেন?
•• থিয়েটারে লাইভ অডিয়েন্স থাকেন। সহজেই প্রতিক্রিয়া পাওয়া যায়। কেবল দেশজুড়ে নয়, ভবিষ্যতে এই প্রোডাকশন নিয়ে বিদেশে পারফর্ম করার ইচ্ছা রয়েছে। ইতিমধ্যেই দুবাই, আমেরিকায় অনুষ্ঠান করার পরিকল্পনা হয়ে গিয়েছে। 
 • রামকে নিয়ে ‘রাজনীতি’ সমর্থন করেন?
•• রাম কোনও অ্যাজেন্ডা নয়। আমি বিশ্বাস করি, রাম যা করেছেন এবং কৃষ্ণ যা বলেছেন, তা সবসময় মেনে চলা উচিত। আর রামায়ণ সবসময়ই প্রাসঙ্গিক। 
• পর্দায় একাধিকবার রামায়ণ দেখা গিয়েছে। রাবণ হিসেবে কাকে প্রতিযোগী বলে মনে করেন? 
•• আমার মনে হয় না, অভিনয় কোনও প্রতিযোগিতার মাধ্যম হতে পারে। আসলে অভিনয়ের কোনও ডেস্টিনেশন নেই। এটা একটা জার্নি।  
• মঞ্চ, সিনেমা না ওটিটি? 
•• অভিনেতা হিসেবে, কোনও মাধ্যমের মধ্যে বিভেদ করি না। কারণ আমি জানি, দর্শকের সামনে হোক বা ক্যামেরার সামনে আমাকে পারফর্ম করতে হবে। নিজের কাছে সৎ থাকলেই পারফরম্যান্স ভালো হয়। 
• ভিলেন চরিত্র কি আপনার বেশি পছন্দের? 
•• আমার বিশ্বাস, খলচরিত্র বেশি চ্যালেঞ্জিং। কারণ সেই চরিত্রগুলিতে অনেক বেশি শেড থাকে।  
• প্রস্তুতি নেন কীভাবে? 
•• আশুতোষ রানাকে সরিয়ে রাখি (হাসি)। আশুতোষকে দূরে রেখে প্রতি মুহূর্তে চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি। 
• ‘ছাভা’ ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছিল...
•• আসলে ইতিহাসের অনেকগুলি দিক থাকে। আমি যেটাকে সত্যি বলে ভাবছি, আপনি নাও ভাবতে পারেন। একজন ব্যক্তিকে কেউ খারাপ বলেন, কেউ ভালো বলেন। এবার আপনি কোন মতটাকে গুরুত্ব দেবেন, সেটা আপনার ব্যাপার। এক্ষেত্রে দৃষ্টিভঙ্গির উপর অনেককিছু নির্ভর করে। আর ঐতিহাসিক ছবি দেখা আর ইতিহাস বই পড়া তো এক জিনিস নয়। গোটা দেশজুড়ে ‘ছাভা’ নিয়ে উন্মাদনা ছিল। বক্স অফিসেও দারুণ ফল করেছে।
• আপনি স্ত্রীর (রেণুকা সাহানে) সঙ্গে বেশি কাজ করেন না কেন? 
•• এই উত্তর তো পরিচালক, প্রযোজকরা দেবেন (হাসি)। 
• করোনার পর থেকে সিনেমা ব্যবসা তো ক্ষতির মুখে পড়ছে। 
•• করোনার পর কিন্তু ‘পাঠান’, ‘ছাভা’র মতো ছবিগুলি দারুণ ব্যবসা করেছে। সিনেমা যদি ভালো হয়, সেক্ষেত্রে দর্শক দেখবেন, এটা নিশ্চিত। 
• কলকাতার থিয়েটার সম্পর্কে খবর রাখেন? 
•• অবশ্যই। বাংলার সাহিত্য, সঙ্গীত নিয়ে বিশ্বজুড়ে চর্চা হয়। 

Advertisement

আপনার জীবনের ভিলেন? 
আমাদের জীবনের আসল ভিলেন আমরাই। নিজেদের তৈরিও করি, আবার ধ্বংসও করি নিজেরাই। 
ভিলেনের একটা বৈশিষ্ট্য, যেটা এখনও ফুটিয়ে তোলা হয়নি? 
কঠিন প্রশ্ন। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই। 
স্বপ্নের চরিত্র? 
অনেক আছে। 
পরিচালনার ইচ্ছে? 
এখনও তো নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ