নিজস্ব প্রতিনিধি, বরানগর: নেশাগ্রস্ত অবস্থায় মেয়েকে মারধর করতেন জামাই। সেকারণে, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে এনেছিলেন বাবা। আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের পর মেয়ের দ্বিতীয়বার বিয়েও দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, বুধবার রাতে সেই প্রথম পক্ষের জামাইয়ের হাতে তিনি খুন হলেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রঞ্জিত রায় (৫৫)। নিউ বারাকপুর থানার অন্তর্গত লেনিনগড় এফ ব্লকের ঘটনা। পুলিশ অভিযুক্ত প্রথম পক্ষের জামাই দীপঙ্কর হালদারকে বৃহস্পতিবার রাতে মছলন্দপুর থেকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, বছর দশেক আগে রঞ্জিতবাবু মছলন্দপুরের যুবক দীপঙ্করের সঙ্গে দেখাশোনা করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। তাঁদের এক পুত্রসন্তানও হয়েছিল। কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় দীপঙ্কর স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। সে কারণেই কয়েক বছর আগে রঞ্জিতবাবু মেয়ে ও নাতিকে লেনিনগড়ের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। পরে দম্পতির মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। বছর দু’য়েক আগে রঞ্জিতবাবু মেয়েকে ফের বিয়ে দিয়েছিলেন। অভিযোগ, এনিয়ে দীপঙ্কর একাধিকবার তাঁকে হুমকিও দিয়েছিলেন।



