নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আদালতে পেশ করার আগে পুলিসের চোখে ধুলো দিয়ে পালাল এক অভিযুক্ত। বুধবার দুপুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাওড়া আদালত চত্বরে। পলাতক অভিযুক্তের নাম বলরাম কুমার (২২)। অভিযুক্তের বাড়ি বিহারের বেগুসরাই। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা চলছিল। রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও পলাতক যুবকের খোঁজ পায়নি পুলিস। নাবালিকাকে অপহরণের মামলায় পাঁচদিন আগে বলরামকে গ্রেপ্তার করেছিল গোলাবাড়ি থানার পুলিস। আদালতের নির্দেশে এই ক’দিন পুলিসি হেফাজতে ছিল সে। বুধবার দুপুরে হাওড়া আদালতে পেশ করার আগে তাকে অন্যান্য অভিযুক্তদের সঙ্গেই কোর্টের উল্টোদিকে থাকা ভবনে কোর্ট লকআপে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে রাস্তা পার করে আদালতে নিয়ে আসার সময় ভিড়ের সুযোগ নিয়ে আচমকাই চম্পট দেয় সে। অভিযুক্ত উধাও হয়ে যাওয়ায় রীতিমতো তটস্থ হয়ে পড়েন পুলিসকর্মীরা। শুরু হয় তন্নতন্ন করে খোঁজাখুঁজি। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোথাও হদিশ মেলেনি তার। পুলিস জানিয়েছে, বিভিন্ন থানা, রেল স্টেশনে অভিযুক্তের ছবি পাঠিয়ে খোঁজ চলছে। অভিযুক্ত বিহারে পালিয়ে যেতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। তবে এদিনের ঘটনায় তাজ্জব হাওড়া আদালতের আইনজীবীরা। এর জেরে পুলিসি নিরাপত্তাও প্রশ্নের মুখে বলে মনে করছেন তাঁরা।



