Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাদের নথি ব্যবহার করে ঋণ নিয়ে চম্পট, ধৃত অভিযুক্ত

মহিলাদের নথি ব্যবহার করে ঋণ নিয়ে চম্পট, ধৃত অভিযুক্ত
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: গ্রামের কয়েকশো মহিলার নথি ব্যবহার করে ঋণ নিয়েছিলেন তারকেশ্বর থানার চাঁপাডাঙার এক ব্যক্তি। প্রায় কোটি টাকা হাতিয়ে পলাতক সেই কার্তিক সাউকে অবশেষে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিস।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর ধরে ঋণ দেওয়ার নামে ভুল বুঝিয়ে হুগলি জেলার বিভিন্ন গ্রামের মহিলাদের নথি সংগ্রহ করেন অভিযুক্ত। ঋণ প্রদানকারী সংস্থার কাছে সেই নথি জমা রেখে ঋণও নেন অভিযুক্ত। কিন্তু গ্রামের মহিলাদের কাছে পৌঁছয়নি ঋণের টাকা। তা আত্মসাৎ করতেন কার্তিক। এখনও পর্যন্ত প্রায় ১০০ জন মহিলার নথি ব্যবহার করে প্রায় এক কোটি টাকার উপর আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। মাসতিনেক আগে তারকেশ্বর থানায় দু’টি অভিযোগ দায়ের হয় কার্তিক সাউয়ের বিরুদ্ধে। একটি ঋণ প্রদানকারী সংস্থার তরফে, অপর একটি বেশ কিছু প্রতারিত মহিলার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিস।
অভিযুক্তের স্ত্রীর ফোনের লোকেশন ট্র্যাক করে তাঁর হদিশ পায় পুলিস। প্রথমে গুজরাতে কিছুদিন থাকার পর হলদিয়া, তারপর বারাকপুরে বসবাস করছিলেন কার্তিক। সোমবার চাঁপাডাঙায় তাঁর বাড়িতে আসেন অভিযুক্ত। খবর পেয়ে তারকেশ্বর থানার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে চন্দননগর আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ