নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মদিনের পার্টিতে ডেকে পাঠিয়ে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠল ব্যবসায়ীর বিরুদ্ধে। ব্যবসায় মন্দা দেখিয়ে নির্যাতিতার কাছ থেকে অভিযুক্ত লক্ষাধিক টাকা নেয় বলে খবর। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানা এলাকার বিবেকানন্দ নগরে। অভিযুক্ত অনুভব ভট্টাচার্যকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে থানা।
পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আসে ফেসবুকের মাধ্যমে নির্যাতিতার সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের। পরে ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের কথাবার্তাও চলছে। অভিযুক্ত যুবক তরুণীকে জানায়, তার ব্যবসায় মন্দা চলছে। তরুণী টাকা দিয়ে সাহায্য করেন। চলতি মাসে ওই যুবকের জন্মদিন ছিল। পার্টি হবে বলে তাঁকে বাড়িতে ডেকে পাঠায়। তরুণীকে বলা হয়েছিল সেখানে আরও অনেকেই থাকবেন। নির্যাতিতা সেখানে গিয়ে দেখেন, তিনি একা রয়েছেন। তাঁর অভিযোগ, সেখানে যাওয়ার পর নরম পানীয় দেওয়া হয়। তা খাওয়ার পরই বেহুঁশ হয়ে পড়েন। এই সুযোগে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। নির্যাতিতা অভিযোগ করেন পূর্ব যাদবপুর থানায়। পুলিশ ধর্ষণের কেস রুজু করে। তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এলাকা থেকে।