Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামের রাস্তায় মাটি পড়ে দুর্ঘটনা, সর্তকতামূলক প্রচার পুলিসের

ট্রাক্টর ও হারভেস্টরের চাকায় কৃষিজমির কাদামাটি জমছে পিচের রাস্তায়। ফলে বিভিন্ন যানবাহনের চলাচলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।

খড়গ্রামের রাস্তায় মাটি পড়ে দুর্ঘটনা, সর্তকতামূলক প্রচার পুলিসের
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ট্রাক্টর ও হারভেস্টরের চাকায় কৃষিজমির কাদামাটি জমছে পিচের রাস্তায়। ফলে বিভিন্ন যানবাহনের চলাচলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অল্প বৃষ্টি হলেই রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠছে। গত এক সপ্তাহে খড়গ্রাম থানা এলাকায় এক ডজনেরও বেশি বাইক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার খড়গ্রাম পুলিসের পক্ষ থেকে যা নিয়ে মাইকিং করে চাষি ও গাড়ির চালকদের সতর্ক করা হয়।

Advertisement

এখন ওই এলাকায় বোরো ধান কাটা চলছে। অধিকাংশ চাষি হারভেস্টার ব্যবহার করে ধান কাটছেন। হারভেস্টার মাটিতে নামলেই জমির মাটি চাকায় লেগে যাচ্ছে। এরপর ধান কাটা শেষ করে হারভেস্টারগুলি পাকা রাস্তায় উঠলেই চাকায় লাগা কাদা ছড়িয়ে যাচ্ছে রাস্তায়। ধান কাটার পর সেগুলি নিয়ে যেতে ট্রাক্টরের দরকার পড়ছে। ট্রাক্টরের চাকা থেকেও কাদামাটি জমছে পিচের রাস্তা গুলিতে।
ফলে রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে পড়ছে। খড়গ্রাম-চিত্রাহল গ্রামীণ সড়ক, শেরপুর-বিষ্ণুপুর রাজ্য সড়ক, খড়গ্রাম-বিষ্ণুপুর রাজ্য সড়ক, পলশন্ডা-ঝিকটা গ্রামীণ সড়কগুলি ঝুঁকিপ্রবণ হয়ে উঠেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে দাবি। ঝিকটা গ্রামের শিক্ষক সুমন্ত মণ্ডল বলেন, রাস্তাগুলিতে এমনভাবে এঁটেল মাটি জমা হয়েছে তাতে বাইক চলাচলে চরম সমস্যা হচ্ছে। সামান্য বৃষ্টি হলে আরও বিপদ বাড়াচ্ছে। মঙ্গলবার পলশন্ডা গ্রামের কাছে বাইক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন রামপুরহাটের দুই যুবক।
মহিষাড় গ্রামের কুতুবউদ্দিন রহমান নামের এক ব্যবসায়ী বলেন, চিত্রাহল-খড়গ্রাম রাস্তার অনেক জায়গায় জমির মাটি রাস্তায় পড়ে জমা হয়েছে। ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। গত সাতদিনে এই রাস্তায় অন্তত ছ’টি বাইক দুর্ঘটনা ঘটেছে। সামান্য চোখ সরালেই দুর্ঘটনার শঙ্কা থেকে যাচ্ছে।
এনিয়ে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি প্রশাসনের নজরে বিষয়টি আনেন। খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি টিঙ্কু মণ্ডল বলেন, সমস্যার কথা বিডিওকে জানান হয়েছে। পাশাপাশি গাড়ির চালকদেরও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খড়গ্রামের বিডিও মিলনী দাস ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শুক্রবার খড়গ্রাম ব্লক এলাকার বিভিন্ন গ্রামে মাইকিং করে সর্তকতামূলক প্রচার করা হয়েছে পুলিসের পক্ষ থেকে। এলাকার জয়পুর, পারুলিয়া, সাদল পঞ্চায়েতগুলিতে প্রচার করা হয়। পুলিসের পক্ষ থেকে বলা হচ্ছে, জমি থেকে রাস্তায় ওঠার আগে গাড়ির চাকার মাটি পরিষ্কার করতে হবে। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ