সংবাদদাতা, হলদিবাড়ি: পরিবারে পরপর দু’টি বিয়ের অনুষ্ঠান। তারমাঝে দুর্ঘটনা কেড়ে নিল বাড়ির তরুণ সদস্যর প্রাণ। যদিও বিয়ে শেষ না হওয়া অবধি ভাইয়ের মৃত্যু সংবাদ জানানো হয়নি বিয়ের পিঁড়িতে বসা জেঠতুতো দিদিকে। পরেরদিন সকালে সে খবর জানাজানির পর বিষাদের ছায়া নেমে আসে বিয়েবাড়িতে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের গজেন্দ্রপুর চৌরঙ্গীতে। এই ঘটনায় মারা গিয়েছেন বিট্টু রায়(১৮) নামে এক তরুণ। গুরুতর জখম হয়েছেন তারই জামাইবাবু চন্দ্রমোহন বর্মন (২২)। তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে। পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনদিন আগে বিট্টু রায়ের জেঠতুতো ভাইয়ের বিয়ে হয়েছে। বৃহস্পতিবার ছিল তাঁর বউভাতের অনুষ্ঠান। সেদিনই ছিল জেঠতুতো দিদির বিয়ে। সেই বিয়ের অনুষ্ঠান থেকে শ্যালক এবং জামাইবাবু একটি বাইকে চেপে হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সেই বাড়ি থেকে ৫০০ মিটার গিয়েই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এরপর খবর পেয়ে পরিবারের লোকজন এসে দু’জনকে উদ্ধার করে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক বিট্টুকে মৃত ঘোষণা করেন। তাঁর জামাইবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে চিকিত্সাধীন।



