নিজস্ব প্রতিনিধি, বারাসত: চালু হতে চলেছে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল ট্রেন। এই শাখায় অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল অশোকনগর রোড। কিন্তু এই স্টেশনে এসি লোকাল দাঁড়াবে না। তাই বুধবার যাত্রী স্বার্থে দলীয় কর্মীদের নিয়ে স্টেশন ম্যানেজারের কাছে কারণ জানার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকাল ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। আগামী সোমবার থেকে শিয়ালদহ-রানাঘাট ভায়া বারাসত, বনগাঁ লাইনে পুরোদমে চলবে এসি লোকাল ট্রেন। এতে আশায় বুক বেঁধেছিলেন অশোকনগরের নিত্যযাত্রীরা। প্রতিদিন বহু মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। কিন্তু অশোকনগর স্টেশনে এসি লোকাল দাঁড়াবে না, সেই খবর জানার পরই আশাহত হয়েছেন এই এলাকার নিত্যযাত্রীরা। তৈরি হয়েছে ক্ষোভ। এই ক্ষোভের কথা পৌঁছয় বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে। বুধবার সকালে দলের কর্মীদের নিয়ে অশোকনগরের স্টেশন ম্যানেজারের কাছে দেখা করে বিষয়টি জানতে চান বিধায়ক। ম্যানেজার বলেন, তিনিও এটা শুনেছেন। কিন্তু সঠিক কারণ তাঁর জানা নেই। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। কী কারণে রেলের এই পরিষেবা থেকে অশোকনগরকে বঞ্চিত করা হল, তা জানতে চান তিনি। এসি লোকাল অশোকনগর স্টেশনে না দাঁড়ালে সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণবাবু। তিনি বলেন, অশোকনগর স্টেশনে যাত্রী ওঠানামার হার অনেক বেশি। রেলের লাভজনক স্টেশনগুলির মধ্যে এই স্টেশন রয়েছে। তাহলে কেন এসি লোকাল থেকে বঞ্চিত হবেন এই এলাকার মানুষ? আন্দোলন হলে রেলের পরিষেবা বিঘ্নিত হতে পারে। তার দায় রেলকেই নিতে হবে। এ নিয়ে পূর্ব রেলের জনসংযোগ বিভাগের তরফে দীপ্তিময় দত্ত বলেন, শুক্রবার থেকে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। যাত্রীদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
(ছবি-কুমার বসু)