প্রেসিডেন্সিতে স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগ ঘিরে সরব এবিভিপি, ‘ইস্যু তৈরি করতে চাইছে’, পাল্টা তোপ এসএফআইয়ের
  • ১৪ অক্টোবর, ২০২৬ ১৮:৪৯
Prefer us on Google

সানি বাগ, কলকাতা: ফের শিক্ষাঙ্গনে স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগ। বিবেকানন্দের ছবিযুক্ত ব্যানারে অশালীন ভাষা প্রয়োগ ও ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে সরব হয়েছে এবিভিপি। এর আগে এসআরএফটিআই-তেও একই অভিযোগ তুলেছিল তারা। সেবারও কিছু অতিবাম ছাত্র-ছাত্রীরাই ওই ঘটনা ঘটিয়েছিল বলে দাবি করেছিল এবিভিপি। এরপর গতকালই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের ছবিতে লাল রঙে অশালীন ভাষা লেখার ছবি সামনে আসে।

Advertisement

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই ঘটনায় সরব হয়েছে এবিভিপি। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এসএফআই। এসএফআইয়ের কলকাতার জেলা সভাপতি মহম্মদ হাসিব হোসেন বলেন, ‘বিবেকানন্দের ফ্লেক্সটি ৪ঠা মে-র পরে লাগানো হয়েছিল। এখন অক্টোবর মাস। বাম ছাত্র সংগঠনের এমন কোনো অভিসন্ধি থাকলে ৫-৬ মাস অপেক্ষা করত না। বামপন্থীরা কখনও এ ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়।’ হাসিবের আরও দাবি, ‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ঢুকতে পারছে না। তাই প্রবেশের রাস্তা পেতেই এবিভিপি ইচ্ছাকৃতভাবে এসব ইস্যু তৈরি করছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এভিবিপির সেরকম শক্তিও নেই।’ পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন এবিভিপির কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ সামনে আসুক, সব পরিষ্কার হয়ে যাবে। এর সঙ্গে এবিভিপির কোনো যোগ নেই। সৎ সাহস থাকলে এসএফআই তদন্তের দাবি তুলুক, সে সাহস তাদের নেই।’ অন্যদিকে এবিভিপির জেলা সমন্বয়ক আদিত্য মণ্ডলের প্রশ্ন, এসএফআই যখন নিজেরাই বলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবিভিপির সেরকম শক্তি নেই, তবে তারা কী করে দাবি করছে যে এবিভিপিই এই ঘটনা ঘটিয়েছে?

এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। সেই কর্মসূচিতেই তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় আদিত্যের হাতে ছুরির আঘাত লেগেছে বলে তাঁর অভিযোগ, যদিও নির্দিষ্টভাবে কারো নাম কিংবা সংগঠনের নাম তিনি নেননি। এই পুরো ঘটনায় ভিসিকে চিঠি দেওয়া হয়েছে এবিভিপি তরফে এছাড়াও জোড়াসাঁকো থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চাইছেন তাঁরা।