Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসে কাটমানি চাওয়ায় অভিযুক্ত প্রধান

আবাসে কাটমানি চাওয়ায় অভিযুক্ত প্রধান
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। রেজিনগরের আন্দুলবেড়িয়া ১নং গ্রাম পঞ্চায়েত প্রধানের সেই টাকা চাওয়ার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) ভাইরাল হওয়ায় শোরগোল পড়েছে। 
Advertisement
জানা গিয়েছে, আন্দুলবেড়িয়া ১নং গ্রাম পঞ্চায়েতের দেপাড়া গ্রামের বাসিন্দা মহাদেব দে’র অ্যাকাউন্টে প্রথম দফার আবাস যোজনার ৬০ হাজার টাকা ঢুকতেই পঞ্চায়েত থেকে তাঁকে ডেকে পাঠানো হয়। প্রধান রবীন ঘোষ ১০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। বিষয়টি জানা মাত্র পঞ্চায়েত সদস্য রাজেশ মণ্ডল প্রতিবাদ জানান। এলাকার আরও অনেকের থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে প্রধান কাটমানি নিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। এই বিষয়ে মুখ খুলতে চাননি প্রধান। 
মহাদেববাবু বলেন, প্রধান পঞ্চায়েত অফিসে ডেকে বলেন, ১০ হাজার টাকা না দিলে কী করে ঘরের টাকা ঢুকবে? তখন আমি বলি যদি ১০ হাজার টাকা নিয়ে নাও, তাহলে ঘর হবে কী করে। আমার পুরো টাকাটা নিয়ে নাও। আমি ঘর করব না। 
রাজেশবাবু বলেন, আমার এলাকার বাসিন্দা যখন কাটমানি নেওয়ার অভিযোগ জানায়, আমি পঞ্চায়েতে গিয়ে প্রতিবাদ করি। আমি যখন গোটা ঘটনার ভিডিও করছিলাম, তখন আমার মোবাইল কেড়ে নেওয়া হয়। রেজিনগরের বিধায়ক প্রতিনিধি তথা তৃণমূল নেতা জামিল চৌধুরী বলেন, এই কাজ দল কখনওই সমর্থন করে না। এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাটমানি চাওয়ার অভিযোগের বিষয়টি আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি। দলীয়ভাবে যেমন এই ঘটনার তদন্ত করা হচ্ছে, তেমন ব্লক প্রশাসনকেও পুরো বিষয়টি জানানো হয়েছে। যাদের বিরুদ্ধে এই ধরনের কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, তারা যদি সত্যি এই কাজ করে থাকে, তদন্তের পর যদি তারা দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের প্রধান পদও কেড়ে নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ