নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিথ্যা তথ্য এবং অসত্য বক্তব্য পেশ করেছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি। এই অভিযোগ এনে বিধায়ককে আইনি নোটিস পাঠালেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি সংসদে পাস হয়েছে ওয়াকফ বিল। এই বিলের উপর দীর্ঘ সময় আলোচনা হয়েছে সংসদের অধিবেশনে। সেই আলোচনায় তৃণমূলের কতজন সাংসদ উপস্থিত ছিলেন, সেই প্রশ্ন তোলেন নৌশাদ। সেখানেই তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সংসদে ছিলেন? আমি অনেকক্ষণ ভিডিও দেখেছি। তৃণমূলের কতজন সাংসদ উপস্থিত ছিলেন আর কতজন ছিলেন না, খোঁজার চেষ্টা করেছি। যাঁরা ছিলেন না, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কী ব্যবস্থা গ্রহণ করে, সেটা দেখছি। তারপর কী ব্যবস্থা জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হয়, আমি দেখছি।’
এই বক্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী একটি চিঠি পাঠিয়েছেন নৌশাদকে। সেই চিঠিতে সংসদে অভিষেকের উপস্থিতির ছবিও তুলে ধরা হয়েছে। লেখা হয়েছে, ‘মিথ্যা তথ্য দিয়েছেন নৌশাদ সিদ্দিকি। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বক্তব্য প্রত্যাহার করে বিবৃতি দিতে হবে। অন্যথায় আইনগত পদক্ষেপ করা হবে।’ আইনি নোটিসের বিষয়ে প্রতিক্রিয়া জানতে নৌশাদকে ফোন করা হয়েছিল। জনৈক ব্যক্তি ফোন ধরে বলেন, ‘নৌশাদ সিদ্দিকি এই মুহূর্তে নেই। আইনি নোটিসের বিষয়ে সংবাদ মাধ্যম থেকে জেনেছি। আমাদের কাছে কোনও চিঠি এসে পৌঁছয়নি।’