Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের বাড়ি থেকে গ্রেপ্তার তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়

জমি বিক্রির মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। তাঁতে হেপাজতে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

অভিষেকের বাড়ি থেকে গ্রেপ্তার তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ১০ সেপ্টেম্বর: সিআইডির জালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। আজ, বৃহস্পতিবার অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। অভিষেক অবশ্য এখন চিকিৎসার প্রয়োজনে বিদেশে রয়েছেন। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিতকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রে খবর।

Advertisement

জমি বিক্রির মামলায় সুমিতকে হেপাজতে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ দুপুরে সুমিতের রক্ষাকবচ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর মুহূর্তের মধ্যে বিশেষ তৎপরতা দেখা যায় সিআইডির সদর দপ্তর ভবানীভবনে।

সূত্রের খবর, টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পারেন, ডায়মন্ড হারবারের সাংসদের বাড়িতেই আছেন তাঁর আপ্ত সহায়ক। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন সিআইডির পদস্থ আধিকারিকরা। সুমিতকে গ্রেপ্তার করে প্রথমে ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে  স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়েছে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। ধৃতকে জেরার জন্য আইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী কাল, শুক্রবার, সুমিতকে মেদিনীপুর আদালতে তোলা হবে।

জমি বিক্রির মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। তাঁতে হেফাজতে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। গতকাল এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি জানান, সুমিতের নামে ব্যাঙ্কে রহস্যজনকভাবে ১৫ কোটি টাকা জমা পড়েছে। ওই লেনদেন বরফের চূড়া মাত্র। অনেক গভীরে রয়েছে এই অনৈতিক কাজকর্ম। সেই অর্থের উৎস সন্ধানে অভিযুক্তকে হেপাজতে নিয়ে জেরার প্রয়োজন আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ