নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নারকেলডাঙায় নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই হত্যা মামলায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার নারকেলডাঙার বাড়ি থেকে ভিডিয়ো কনফারেন্সে সাক্ষ্য দিলেন মৃত যুবকের বৃদ্ধা মা মাধবী সরকার। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে শুনানি। তবে তা অসমাপ্ত থাকে।
কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক সন্তোষকুমার পাঠক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ৭ অক্টোবর। ওইদিন মৃত বিজেপি কর্মীর মা আদালতে অভিযুক্তদের ‘শনাক্ত’ করবেন বলে কোর্ট সূত্রের খবর। উচ্চ আদালতের নির্দেশে বৃদ্ধা মাধবীদেবীকে ওইদিন ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে আদালতে নিয়ে আসা হবে। এদিন নির্দিষ্ট সময় জেল থেকে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। অন্যদিকে, এক অভিযুক্ত বাদে বাকি জামিনে থাকা সকলেই এদিন কোর্টে হাজির ছিলেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই হত্যা মামলার চলছিল শিয়ালদহ কোর্টে। পরবর্তী সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা স্থানান্তরিত হয় বিচারভবনে। সেখানেই চলছিল মামললার শুনানি। কিন্তু বিচারপর্বের মাঝে বেশ কয়েকজন অভিযুক্ত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ায় মামলার শুনানি বার বার ধাক্কা খায়। সম্প্রতি এই মামলায় ‘ফেরার’ দুই অভিযুক্ত সিবিআইয়ের জালে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে চার্জ গঠিত হয়। এরপরই এদিন এই মামলায় আদালতে সাক্ষ্য পেশ করেন নিহত যুবকের মা। এই বিষয়টি নিয়ে মৃত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, ‘ভাইয়ের এই মৃত্যু মামলায় ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আইনি লড়াই জারি থাকবে।’ নারকেলডাঙার বাড়ির সামনে পুলিশি পাহারা। -নিজস্ব চিত্র