নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্ছ্বাস, আবেগ, উৎসব। থিম্পুর রং লাল-হলুদ। কঠিন সময় কাটিয়ে সাফল্যের সরণিতে অস্কার ব্রুজোঁর দল। ম্যাচের পর ফুটবলরারদের আলিঙ্গনে মিশে গেলেন স্প্যানিশ কোচ। অস্কারের মন্তব্য, ‘অসাধারণ জয়। সব কৃতিত্ব ছেলেদের। তবে এখনও অনেক পথ চলা বাকি।’ আসলে বাস্তবের মাটিতে পা রেখে হাঁটতে চাইছেন ব্রুজোঁ। নিজেও জানেন আইএসএলে পরের ম্যাচে মহমেডানকে হারাতে না পারলে ফের প্রশ্ন উঠবে। লাল-হলুদ কোচ ফিরে তাকাতে নারাজ। ফুটবলারদের গলায়ও আত্মবিশ্বাসের সুর। দিয়ামানতাকোস ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছেন। গ্রিক স্ট্রাইকারের মন্তব্য, ‘ডু অর ডাই পরিস্থিতি ছিল। জোড়া গোল করে দারুণ খুশি।’
Advertisement
এদিকে, শনিবার দুপুরে ভুটান থেকে কলকাতায় ফিরছেন শৌভিক, তালাল, নন্দরা। বিনামবন্দর থেকে সরাসরি ক্লাব তাঁবুতে নিয়ে যাওয়া হবে ফুটবলারদের। সেখানেই পতাকা উত্তোলন। শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘প্রথম ভারতীয় ক্লাব হিসাবে লেবাননের দলকে হারিয়ে নক আউটে পৌঁছেছে দল। কোচ-ফুটবলারদের অভিনন্দন জানাই। তবে সাফল্য ধরে রাখতে হবে। কোচ, ফুটবলাররা নিশ্চয়ই তা উপলব্ধি করছে। কারণ, সামনে রয়েছে কঠিন লড়াই।’



