মুম্বই, ৫ জুলাই: ৬১ বছর বয়সে তৃতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধলেন আমির খান। চার হাত এক হল আমির খান ও গৌরী স্প্র্যাটের। শনিবার থেকেই শুরু হয়েছিল বিবাহের তোড়জোড়। মুম্বইয়ের পালি হিলের আমিরের বাসভবনেই আজ সম্পন্ন হল এই বিবাহ অভিযান। রবিবার সকালেই জনসমক্ষে আসে তাঁদের বিবাহের প্রথম ঝলক। সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ছড়িয়ে পরে সেই ছবি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, আমির ও গৌরী পাশাপাশি বসে রেজিস্ট্রি ফর্মে সই করছেন। ছবিতে আরও একটি বিষয় নজর কেড়েছে। গৌরীর ছেলেকে দেখা যায় ইন্টার মায়ামি এফসি-র জার্সি পরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে। অন্যদিকে, আমিরের ছেলে আজাদকেও বাবার পাশেই বসে থাকতে দেখা গেছে। আজাদ আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সন্তান। তবে প্রকাশ্যে আসা ছবিতে আমিরের বড় ছেলে জুনায়েদ খান বা মেয়ে ইরা খানকে দেখা যায়নি।
উল্লেখ্য, আমির খান প্রথমে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান ইরা ও জুনায়েদ। পরে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারে জন্ম হয় ছেলে আজাদের। এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের তৃতীয় অধ্যায় শুরু করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।