‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ নিশ্চয়ই ভোলেননি? রাজকুমার হিরানির পরিচালনায় আমির খান অভিনীত এই ছবিগুলি নিয়ে আজও সমান আগ্রহ রয়েছে দর্শকমহলে। সূত্রের খবর, ‘পিকে’ মুক্তির ১১ বছর পর ফের জুটি বাঁধছেন আমির ও রাজকুমার। মুক্তির অপেক্ষায় আমিরের নতুন ছবি ‘সিতারে জমিন পার’। জোরকদমে সেই ছবির প্রচার চলছে। এই আবহে সামনে এসেছে এই খবর। বেশ কয়েকদিন ধরেই ছবির বিষয়ে আলোচনা করেছেন আমির ও রাজকুমার। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে শুরু হবে শ্যুটিং। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। ২০২৩ সালে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছিলেন রাজকুমার। সৌজন্যে ‘ডাঙ্কি’। তারপর আবার নতুন কাজ শুরু করলেন পরিচালক। যদিও আমিরের ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা। এর আগে শোনা গিয়েছিল, ভিকি কৌশল ও রণবীর কাপুরের সঙ্গেও আলোচনা সেরেছেন রাজকুমার। তবে শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে তাঁরা সময় দিতে পারেননি। অবশেষে আমিরের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন পরিচালক।



