সংবাদদাতা, বজবজ: শিবের মাথায় জল ঢালা হল না, তার আগেই গঙ্গায় তলিয়ে গেলেন বছর আঠারোর তরতাজা যুবক সুমিত সাউ। শ্রাবণের প্রতি সোমবার বজবজের চিত্রগঞ্জ কালীবাড়িতে প্রচুর ভিড় হয় শিবের মাথায় জল ঢালার জন্য। এদিনও ভিড় ছিল জমাট। মন্দিরের পাশেই গঙ্গা। অনেকের মতো সুমিত তাঁর দাদার সঙ্গে স্নান করতে নেমেছিলেন গঙ্গায়। ইচ্ছা ছিল স্নান সেরে পুজো দেওয়ার। কিন্তু ঘাটের সিঁড়ি বেয়ে দু’ধাপ নামতেই পা হড়কে তলিয়ে যান তিনি। সাঁতার না জানায় আর উঠে আসতে পারেননি। শেষমেশ আধঘণ্টার চেষ্টায় জলসাথীর সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে দেহটি উদ্ধার করেন। তারপর সুমিতকে নিথর অবস্থায় বজবজ পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
চিত্রগঞ্জ কালীবাড়ি কমিটির যুগ্ম সম্পাদক স্মৃতিরঞ্জন ঘোষ বলেন, ওই যুবকের বাড়ি তারাতলা এলাকার গরাগাছায়। শ্রাবণ মাসের প্রতি সোমবার এই মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন শিবের মাথায় জল ঢালতে। বিশেষ করে এইদিনে সবচেয়ে বেশি ভিড় হয়। সোমবারও ভালো ভিড় ছিল। কেউ কিছু বোঝার আগেই আকস্মিক একটি দুর্ঘটনা ঘটে গেল। বিষয়টি পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তকে জানানো হয়েছে। বজবজ থানার পুলিস এসেছিল এখানে। এই ঘটনার পর ঘাটে নজরদারি বাড়াতে বাবুঘাটের মতো ‘লাইফ সেভার’ রাখার বিষয়টি ভাবা হচ্ছে।
অন্যদিকে, বজবজ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিউ সেন্ট্রাল জুটমিলের ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। মৃতের নাম পলাশ দাস (৪০)। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কালীপুর লোথিয়ান মিলের আবাসনের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন। আচমকা ডুবে যান। রাত পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।