Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন জ্বলে উঠল দাউদাউ করে, মুহূর্তে পুড়ে ছাই তিনটি বগি

সোমবার ভোররাতে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনজুড়ে।

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন জ্বলে উঠল দাউদাউ করে, মুহূর্তে পুড়ে ছাই তিনটি বগি
  • ৩ আগস্ট, ২০২৬ ১০:৩৭
Prefer us on Google

পাটনা, ৩ আগস্ট: সোমবার ভোররাতে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনজুড়ে। স্টেশনে দাঁড়িয়ে থাকা সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেনটিতে প্রথমে ইঞ্জিনে আগুন লাগে । মুহূর্তের মধ্যে আগুন ইঞ্জিন থেকে তিনটি কোচে ছড়িয়ে পড়লে ট্রেনজুড়ে হুড়োহুড়ি শুরু হয়। তবে সময়মতো যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

রেল কর্তৃপক্ষের জানানো তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৩টা ২৫ মিনিটে সিমরি বখতিয়ারপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির ইঞ্জিনের কাছে প্রথম আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ঘন ধোঁয়া ও দাউদাউ করে জ্বলতে থাকা আগুন তিনটি কোচে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে স্টেশন মাস্টারকে অবিলম্বে জানানো হয় এবং যাত্রীদের দ্রুত কোচ খালি করার নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। এই অগ্নিকাণ্ডের জেরে সিমরি বখতিয়ারপুর স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই রেলওয়ে তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত তিনটি কোচের ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ