মালদহে ‘পল্লীশ্রী-৮৬’-র কালী-মণ্ডপে বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া, আজ উদ্বোধন
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রতীন দাস, মালদহ: ইংলিশবাজারের পল্লীশ্রী-৮৬’র কালী-মণ্ডপে বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া। আজ, শনিবার পুজোর উদ্বোধন। শহরের রামকৃষ্ণপল্লিতে এই পুজোর এবার ৪১তম বর্ষ। প্রতিবারই এঁদের মণ্ডপসজ্জা সকলের নজর কাড়ে দর্শনার্থীদের। নতুন ভাবনা ও শিল্পকর্ম ফুটিয়ে তোলার চেষ্টা করেন উদ্যোক্তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে অসংখ্য কারুকার্য। তুলে ধরা হয়েছে শৈল্পিক নিদর্শন। শিল্পী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের। দিনরাত এক করে তাঁরা ফুটিয়ে তুলেছেন মণ্ডপ, যা শুধু ইংলিশবাজার শহরে নয়, গোটা মালদহে নজর কাড়বে বলে দাবি ক্লাব সম্পাদক সরোজ নাথের।

Advertisement

পল্লীশ্রী-৮৬’র কালী প্রতিমা সাবেকি। মালদহের পরিচিত মৃৎশিল্পী দেবকুমার ভট্টাচার্য প্রতিমা গড়েছেন। ১৩ ফুটের কালী প্রতিমার দু’পাশে থাকবে রামকৃষ্ণ পরমহংসদেব ও শিবের দু’টি মডেল। বালুরঘাট থেকেই নিয়ে আসা হয়েছে আলোকসজ্জা। 
ক্লাব সভাপতি তথা মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, শুধু আড়ম্বর নয়, পুজোয় সমাজসেবামূলক কাজের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। এবারও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পড়ুয়াদের হাতে শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ পুজো উদ্বোধনের দিনই সেসব বিতরণ করা হবে। সেইসঙ্গে কালীপুজো উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর পর্যন্ত সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগীত পরিবেশনের জন্য যেমন স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়া হবে, তেমনই কলকাতা থেকেও সংগীতশিল্পীরা আসবেন। শুক্রবার বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছে এলাকার ছেলেমেয়েরা। এছাড়া আরও অনেক প্রতিযোগিতা রয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, ইংলিশবাজার রামকৃষ্ণপল্লি পল্লীশ্রী-৮৬’র পুজোয় নির্দিষ্ট কোনো একজনকে দিয়ে উদ্বোধন করানো হয় না। প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধি, বণিকমহল সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়। তাঁরা আসেন। সবাই মিলে পুজো মণ্ডপের উদ্বোধন করেন। এবারও তার অন্যথা হবে না। উদ্বোধনের পরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। ১৩ নভেম্বর প্রতিমা বিসর্জন হবে।  নিজস্ব চিত্র