নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া অতিগভীর নিম্নচাপটি মায়ানমার উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকে যাওয়ার পর দুর্বল হয়ে পড়ছে। মঙ্গলবার এটি মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ হিসাবে ছিল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি উপকূলীয় মায়ানমার হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের দিকে সরে যাওয়ার পথে আরও দুর্বল হবে। সাধারণ নিম্নচাপ হিসাবে এটি এরপর লাগোয়া মিজোরাম, ত্রিপুরার দিকে যেতে পারে। উত্তর-পূর্ব ভারতে ওই অংশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আগের নিম্নচাপটি দুর্বল হয়ে মঙ্গলবার ঘূর্ণাবর্ত হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের উপর ছিল। এদিন সকাল পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, পাঞ্জাবের কিছু অংশে। এরাজ্যে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া কিছু এলাকায় খানিকটা বৃষ্টি হয়েছে।



