নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বোনের সঙ্গে অপরিচিত এক যুবক কথা বলছিলেন। তা দেখে প্রতিবাদ করেছিল কিশোর। সেখান থেকে বচসা শুরু হতেই কিশোরের গলায় ব্লেড চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে লিলুয়া বেলগাছিয়া এলাকায়। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ওই কিশোরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
বেলগাছিয়া লিচুবাগান এলাকার বাসিন্দা ওই কিশোর এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। তখনই নিজের বোনকে একটি অপরিচিত যুবকের সঙ্গে কথা বলতে দেখে সে। বোনকে ধমক দেওয়ার পর তার গালে একটি চড় মারে কিশোর। এরপর হাত ধরে বোনকে বাড়িতে নিয়ে যেতে গেলে ওই কিশোরকে বাধা দেন অভিযুক্ত যুবক। তখন কিশোরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বেরিয়ে যান তিনি। অভিযোগ, সন্ধ্যা নাগাদ কয়েকজনকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্লাবের কাছে জড়ো হন তিনি। এরপর ফোন করে ডাকেন ওই কিশোরকে। কিশোর সেখানে গেলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তখনই আচমকা অভিযুক্ত যুবক নিজের প্যান্টের পকেট থেকে একটি ধারালো ব্লেড বার করে কিশোরের গলা লক্ষ্য করে চালিয়ে দেন। এরপরেই চম্পট দেন তারা। রক্তাক্ত অবস্থায় কিশোরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। আক্রান্ত কিশোর বলে, বেশ কিছুদিন ধরেই ওই অপরিচিত যুবক পাড়ায় এসে বোনকে বিরক্ত করছিলেন। বোনকে ওঁর সঙ্গে কথা বলতে দেখে প্রতিবাদ করেছিলাম। ঘটনায় লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।