Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মীদের একাংশ অলস, কোন্দলে ব্যস্ত, চুঁচুড়ার বিধায়কের অসন্তোষ ঘিরে চর্চা

কর্মীদের একাংশ অলস, কোন্দলে ব্যস্ত, চুঁচুড়ার বিধায়কের অসন্তোষ ঘিরে চর্চা
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলের কর্মীরা কার্যত অলস, গোষ্ঠীকোন্দলে ব্যস্ত। তৃণমূলের কর্মিসভায় গিয়ে এই ভাষাতেই অভিযোগ করেছেন চুঁচুড়ার বিধায়ক তথা দলের জেলা সহ সভাপতি অসিত মজুমদার। দলের অভ্যন্তরীণ বৈঠকের সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলাজুড়ে। সম্প্রতি ওই ভিডিওতে ভোটার তালিকা স্ক্রুটিনি প্রসঙ্গে দলের কর্মীদের বারবার কাঠগড়ায় তুলেছেন বিধায়ক। দলের কর্মীদের একাংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, একথাও তাঁকে বলতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘ভোটের দিন দেখা যায় অনেক ভোটদাতাই ভোটার স্লিপ পাননি। কাজ করার ইচ্ছা না থাকলে স্পষ্ট বলে দিন। আমি পাঁচজন সাচ্চা কর্মীকে নিয়েই চলব।’ 

Advertisement

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে কর্মীদের একাংশের বিরুদ্ধে নেতার এই অসন্তোষ রাতারাতি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিডিও’র সত্যতা ঘুরিয়ে স্বীকারও করেছেন অসিতবাবু। তাঁর দাবি, দলীয় বৈঠকের ভিডিও প্রকাশ্যে আনা উচিত হয়নি। ওই ভিডিও দেখা গিয়েছে, দলের একাধিক নেতা-মন্ত্রীকে অসিতবাবু উদাহরণ হিসেবে হাজির করেছেন। তবে মূলত, তাঁর অভিযোগকে ঘিরে দলের মধ্যেও গোলযোগ শুরু হয়েছে। দলের কর্মীদের একাংশের দাবি, বিধায়ক ভিত্তিহীন অভিযোগ করে দলের কর্মীদেরই অপমান করেছেন। ওই অংশের আরও দাবি, তিনি মিথ্যা অভিযোগ ছুড়ে দিয়ে কয়েকজন কর্মীকে হেনস্তা করার চেষ্টা করছেন। তিনি নিজেই গোষ্ঠী রাজনীতিকে উস্কানি দিচ্ছেন। যদিও অন্য একটি অংশের দাবি, কোনও কর্মসূচি সফল না হলে নেতারা কর্মীদের ঘাড়েই দায় চাপানোর চেষ্টা করেন, এটা স্বাভাবিক ঘটনা। দলীয় নেতৃত্বও এই ভাইরাল ভিডিও নিয়ে জল মাপার কৌশল নিয়েছে। দলের জেলা চেয়ারপার্সন অসীমা পাত্র বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব। অসিতবাবু বলেন, দলের অভ্যন্তরীণ বৈঠকের ভিডিও করে তা প্রকাশ করা অনুচিত কাজ। আমি কর্মীদের উদ্বুদ্ধ করতে কিছু কথা বলেছি। দলের কর্মসূচিকে সঠিকভাবে রূপায়ণের এটাও এক পন্থা। তা নিয়ে প্রকাশ্যে চর্চার প্রয়োজন বলে মনে করি না।
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার নানা সময়ে নানা কারণে চর্চায় থাকেন। কখনও বিবৃতি, কখনও কোনও কাজ, বারবার তাঁকে নিয়ে এসেছে চর্চার ময়দানে। সম্প্রতি রামনবমীর দিনে শুধু রাম-সীতার ছবি নিয়ে সদভাবনা যাত্রার কথা ঘোষণা বিধায়ক করেছিলেন। তা নিয়েও চর্চা শুরু হয়েছিল। তারই মধ্যে সম্প্রতি দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী বৈঠকে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে কর্মীদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তোলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ