Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ধরমুটোলায় পাইপ ফাটা, বাসিন্দারা পাচ্ছেন না আর্সেনিকমুক্ত পানীয় জল

ধরমুটোলা গ্রামের গা ঘেঁষে আর্সেনিক মুক্ত পানীয় জলাধার। অথচ এক মাসের বেশি আর্সেনিকমুক্ত পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা।

ধরমুটোলায় পাইপ ফাটা, বাসিন্দারা পাচ্ছেন না আর্সেনিকমুক্ত পানীয় জল
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: ধরমুটোলা গ্রামের গা ঘেঁষে আর্সেনিক মুক্ত পানীয় জলাধার। অথচ এক মাসের বেশি আর্সেনিকমুক্ত পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা।

Advertisement

অভিযোগ, গ্রামের প্রায় ন’টি জায়গায় জলের পাইপ ফাটা। সেখান থেকে অনবরত বেরচ্ছে জল। পিএইচই আধিকারিককে জানালেও তিনি পদক্ষেপ নেননি বলে অভিযোগ। যদিও মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিধায়ক প্রতিনিধি দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন।

মানিকচক ব্লকের ধরমুটোলা গ্রামে প্রায় পাঁচশো পরিবারের বাস। পানীয় জলের উত্স বলতে আর্সেনিকমুক্ত পানীয় জলাধার কেন্দ্র। এই কেন্দ্র থেকেই মানিকচক সহ মালদহের বিভিন্ন প্রান্তে জল সরবরাহ করা হয়। অথচ কেন্দ্রের পাশে থাকা ধরমুটোলা গ্রামে গত প্রায় একমাস জল সরবরাহ বন্ধ। কিনে খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাইপের ফাটা জায়গা দিয়ে প্রতিনিয়ত জল বেরিয়ে ভাসছে বিভিন্ন রাস্তাও।

অন্যদিকে, নর্দমার নোংরা জলও পাইপের ভিতর ঢুকে যাওয়ায় পেটের রোগ ছড়ানোর সম্ভাবনা বাড়ছে। পিএইচই দপ্তর ও মানিকচক ব্লক প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানান বাসিন্দারা। তবে, কেউ এলাকা পরিদর্শনে যাননি বলে অভিযোগ। এবিষয়ে স্থানীয় বাসিন্দা বিভূতি মণ্ডল বলেন, গ্রামে ন’টি জায়গায় জলের পাইপ ফাটা বলে জলমগ্ন হচ্ছে রাস্তা। পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বাসিন্দারা জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। বিষয়টি লিখিত আকারে প্রশাসন এবং পিএইচই দপ্তরকে জানানো হলেও পদক্ষেপ নেয়নি।

যদিও শনিবার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের প্রতিনিধি এলাকায় গেলে তাঁদের সামনে বিষয়টি তুলে ধরেন বাসিন্দারা। ঘটনাস্থল থেকেই পিএইচই দপ্তরের আধিকারিককে ফোন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন পিঙ্কি।

বলেন, এলাকাবাসী খুব কষ্টের মধ্যে রয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মানিকচক পিএইচই দপ্তরের আধিকারিক উত্তরা ঝাকে ফোন করা হলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ