


সংবাদদাতা, বারুইপুর: ফি বছরের মতো এবারও মথুরাপুরে চমক থাকছে লক্ষ্মীপুজোয়। মথুরাপুরের সদিয়াল জনকল্যাণ সমিতি ও আমরা সবাই ভাই ভাই ক্লাবের পরিচালনায় এবার প্যারিসের অপেরা হাউসের আদলে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। মণ্ডপের ভিতরে বাংলার পল্লির বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি, মা লক্ষ্মীকেও সাজানো হয়েছে সোনার গয়নায়। রবিবার বিকেলে ঘটা করে এই পুজোর উদ্বোধন হল। সদিয়ালের এই পুজোর থিম ‘আমার সোনার বাংলা’। এই পুজো ১৯ বছরে পা দিয়েছে এবার। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এই পুজোয়। পুজো কমিটিতে মুসলিম ধর্মের মানুষও আছেন। লক্ষ্মীপুজোয় গ্রামের মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। পুজোকে ঘিরে সাজ সাজ রব গোটা সদিয়ালে। এই পুজোর প্রধান কর্মকর্তা সাংসদ বাপি হালদার। তিনি বলেন, ফাইবার ও প্লাই দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রায় সাড়ে ৫০০ গ্রাম সোনার গয়নায় সেজেছেন মা লক্ষ্মী। মণ্ডপের ভিতরের অংশ সেজে উঠেছে ছবিতে। তাতে রয়েছে রবীন্দ্রনাথ, ধান রোয়ার ছবি, গোরুর গাড়ি, জমিতে লাঙ্গল দেওয়ার ছবি, নৌকা, শিকাগো সম্মেলনে দেওয়া স্বামী বিবেকানন্দের সেই বক্তব্য। মা লক্ষ্মী গণেশকে নিয়ে আসছেন ময়ূরপঙ্খী নৌকায়, সেই ছবিও তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরে রয়েছে ৪০ ফুটের ঝাড়বাতি। মণ্ডপের বাইরে শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন মনীষীকে। এই লক্ষ্মীপুজোর প্রস্তুতি চলে এক মাস ধরে। পুজোকে ঘিরে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও হবে রক্তদান শিবির ও বস্ত্রদান কর্মসূচি। নিজস্ব চিত্র