সংগীতশিল্পী প্রাজ্ঞ দত্ত নিয়ে এলেন তাঁর প্রথম ব্যারিটোন ইউকুলেলে অ্যালবাম ‘ইন্টারসেকশন সেভেন’। সাতটি মৌলিক কম্পোজিশন নিয়ে তৈরি অ্যালবামে ধরা পড়েছে বিভিন্ন ঘরানার সংগীতের মেলবন্ধন। এখানে প্রতিটি সুর যেন আলাদা এক গল্প। ইউকুলেলে পরিবারের তুলনামূলক আধুনিক সদস্য ব্যারিটোন ইউকুলেলে ১৯৪০-এর দশকের শেষদিকে জনপ্রিয়তা লাভ করে। প্রচলিত সোপ্রানো, কনসার্ট ও টেনর ইউকুলেলের উজ্জ্বল সুরের পাশাপাশি ব্যারিটোন ইউকুলেলে যুক্ত করে গভীরতা, উষ্ণতা এবং ক্লাসিক্যাল গিটারের মতো রেজোন্যান্স। ফলে এটি হয়ে ওঠে বহুমাত্রিক সংগীত পরিবেশনের জন্য এক অনন্য বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রের বহুমুখী সম্ভাবনাকে নিজের সৃষ্টির মাধ্যমে নতুনভাবে তুলে ধরেছেন প্রাজ্ঞ।



