Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

অনবদ্য অভিষেক, জিতল টিম ইন্ডিয়া

রবিবার ফিরোজ শাহ কোটলা সাক্ষী থাকল এক নতুন সূচনার। এতদিন টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে শুধুই গাওয়া হয়েছে জন...গণ...মন...।

অনবদ্য অভিষেক, জিতল টিম ইন্ডিয়া
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রবিবার ফিরোজ শাহ কোটলা সাক্ষী থাকল এক নতুন সূচনার। এতদিন টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে শুধুই গাওয়া হয়েছে জন...গণ...মন...। এবার তার সঙ্গে যুক্ত হল বন্দেমাতরম। ভারত-আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচের বল গড়ানোর আগে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে গানটি বাজে। ক্রিকেট মাঠে যা এই প্রথমবার। শ্রেয়স আয়ার ব্রিগেডের খেলায় অবশ্য থাকল চেনা দাপট। ৩৮ বল বাকি থাকতে ৭ উইকেটে আফগানদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। জয়ের নায়ক অভিষেক শর্মা। মাত্র ৩২ বলে তাঁর সংগ্রহ ৮২।

Advertisement

এদিন টস জিতে ফিল্ডিং নেয় ভারত। চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরাহ দিনের দ্বিতীয় বলেই উইকেট নেন। তাঁর শিকার গুরবাজ (০)। ধাক্কা সামলে ওঠার আগেই আরও দু’টি উইকেট হারায় কাবুলিওয়ালার দেশ। গতি ও সুইংয়ে বিপক্ষের টপ অর্ডারে ধস নামান বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। তিনিই দলের সফলতম বোলার (৩-১৯)। আফগানিস্তানের স্কোর একসময় ছিল ৪৩ রানে ৫ উইকেট। সেই ধাক্কা সামলে দলকে টেনে তোলেন আজমাতুল্লাহ ওমরজাই (অপরাজিত ৬৪) এবং মহম্মদ নবি (৩৩)। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ৮৩ রান। এই দু’জনের কাঁধে ভর দিয়ে আফগানিস্তান ৮ উইকেটে তোলে ১৫৬।
জবাবে টিম ইন্ডিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। বৈভব সূর্যবংশীকে না খেলিয়ে সঞ্জু স্যামসনের উপর আস্থা রেখেছিল দল। কিন্তু তিনি মাত্র ১০ রানে ফেরেন। তবে দুরন্ত ছন্দে থাকা অভিষেক শর্মার দাপটে উড়ে যায় আফগানরা। ৭টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি। সঙ্গতে ছিলেন ঈশান কিষান। চোট নিয়ে সংশয় উড়িয়ে দিয়ে নেমে ৩৩ বলে তাঁর সংগ্রহ ৪২। ১৩.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত (১৫৭-৩)। সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ