তাপস কাঁড়ার: সম্পর্কগুলো একেবারে ঘেঁটে গিয়েছে। কে কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে, কে কার স্ত্রী, আর কে কার স্বামী— এই নিয়ে যত সমস্যা। আদ্যোপান্ত রঙ্গরসে ভরপুর নাটক ‘তাল গোল’-এর এটাই মুখ্য বিষয়। সম্প্রতি নান্দীরঙ্গ প্রযোজিত নাটকটি মঞ্চস্থ হল অ্যাকাডেমিতে। কিথ ওয়াটার হাউস ও উইলিস হলের অনুপ্রেরণায় নাটকটির রূপান্তর ও নির্দেশনা করেছেন সোমনাথ মুখোপাধ্যায়। এই নাটকের মধ্যে দিয়ে বর্তমান সমাজের বাস্তব ঘটনার প্রতিচ্ছবি লক্ষ করা যায়। নাটকটি সম্পর্ক ভিত্তিক। সেই সম্পর্ক সত্যি মিথ্যের অদ্ভুত নাটকীয়তার উপর দাঁড়িয়ে। সমাজে কে যে কী অভিনয় করছে, বোঝা দায়। তবুও ভালোবাসার খেলায় মত্ত পৃথিবী।



