Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গান, নাচ, তারকাদের ভিড়ে জমজমাট প্রেমদিবস

ভ্যালেন্টাইনস ডে মানে প্রেমের দিন। আর সিংহভাগ খাদ্যরসিক বাঙালির কাছে প্রেমের সমার্থক বিরিয়ানি। এর সঙ্গে যদি থাকে গান, নাচ আর বিশেষ কিছু মুহূর্ত— তাহলেই প্রেমদিবস হয়ে ওঠে আরও স্পেশাল।

গান, নাচ, তারকাদের ভিড়ে জমজমাট প্রেমদিবস
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভ্যালেন্টাইনস ডে মানে প্রেমের দিন। আর সিংহভাগ খাদ্যরসিক বাঙালির কাছে প্রেমের সমার্থক বিরিয়ানি। এর সঙ্গে যদি থাকে গান, নাচ আর বিশেষ কিছু মুহূর্ত— তাহলেই প্রেমদিবস হয়ে ওঠে আরও স্পেশাল। ঠিক যেমন হয়ে উঠল চলতি বছর। ‘বর্তমান’ এবং ‘ফরচুন’-এর উদ্যোগে আয়োজিত ‘দ্য গ্রেট বিরিয়ানি কুক অফ’-এ খাদ্যরসিক বাঙালি আর বিনোদনের অপূর্ব মেলবন্ধনের সাক্ষী থাকল কলকাতা। বিরিয়ানির অপূর্ব স্বাদের সঙ্গে শিল্পীদের একের পর এক দারুণ পারফরম্যান্স— জমজমাট অনুষ্ঠান মুখর হয়েছিল ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন। 

Advertisement

সকাল ১০টা থেকেই ভিড় জমতে শুরু করে অনুষ্ঠান চত্বরে। প্রথম পারফরম্যান্সেই অনুষ্ঠানের সুর বেঁধে দেন ‘নৃত্যাঙ্কুর’-এর নৃত্যশিল্পীরা। নদীয়া থেকে আগত শিল্পীরা পরিবেশন করেন তিনটি নাচ। গণেশ বন্দনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর কৃষ্ণ, রাধিকা ও রুক্মিণীর প্রেমগাথা তুলে ধরেন মঞ্চে। ‘মেরে ঢোলনা’ গানে তাঁদের পারফরম্যান্স অনবদ্য। 
এরপর মঞ্চে আসেন ঋষি পান্ডা। নচিকেতা, অঞ্জন দত্ত থেকে শুরু করে নিজের লেখা গান— সবই শোনান ঋষি। তাঁর গান নস্টালজিক করে তোলে সকলকে। ঋষির গানের সঙ্গে তাল মিলিয়েছেন দর্শকও। সে সময় দর্শকাসনে অভিনেতা আবির চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে হলভর্তি দর্শকের সঙ্গে গানের অনুষ্ঠান উপভোগ করেন দুই অভিনেতাও। 
ঋষির পারফরম্যান্স শেষ হলে মঞ্চে ওঠেন আবির ও সাহেব। সঙ্গে ছিলেন এক্সজিকিউটিভ ডেপুটি চেয়ারপার্সন অব ফরচুন অংশু মল্লিক। সঞ্চালক অরবিন্দ ও দর্শকের সঙ্গে চুটিয়ে আড্ডা দেন তাঁরা। একটি গানও শোনান সাহেব। গলা মেলাতে ভোলেননি আবিরও। এরপর মঞ্চে আসেন লোপামুদ্রা মিত্র। তাঁর গান শোনার জন্য মুখিয়ে ছিলেন সকলে। শিল্পীর গানের তালে নেচে ওঠেন বহু দর্শক। ‘আয় কে যাবি’ থেকে ‘বেণীমাধব’— লোপামুদ্রার গান মাতিয়ে রেখেছিল। দর্শকাসনে তা উপভোগ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মঞ্চে তিনি নিজেও শেয়ার করেন বিরিয়ানির প্রতি ভালোবাসার কথা। ‘বর্তমান’ ও ‘ফরচুন’-এর উদ্যোগে এমন একটি অনুষ্ঠানে এসে নায়িকা কিছুটা নস্টালজিকও হয়ে পড়েন। একে প্রেমদিবস, তার উপর বিরিয়ানি— দুইয়ে মিলে এই অনুষ্ঠান একেবারে ভিন্ন ঘরানার হয়েছে বলে জানান তিনি। এছাড়াও মঞ্চে আসেন স্টার জলসার নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’- এর কলাকুশলীরা। তাঁদের আসন্ন ধারাবাহিকের গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করেন দীপান্বিতা রক্ষিত, মন্দিরা দেবনাথ ও শুভ্রজিৎ সাহা। বিরিয়ানি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর তারকা দম্পতি রাজা ও মধুবনীর সঙ্গে সকলে ছবি তোলার সুযোগ পান। এই অনুষ্ঠানে এসে রাজা ও মধুবনীও শেয়ার করেন বিরিয়ানির সঙ্গে তাঁদের ভালোবাসার কথা। হাতে বিরিয়ানির প্লেট আর মঞ্চে নানা চমক— সব মিলিয়ে প্রেমদিবস জমজমাট। দিনভর দর্শকরা উপভোগ করেন এই অনুষ্ঠান।  

Advertisement
সম্পর্কিত সংবাদ