Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙন রুখতে হুগলির পশ্চিমপাড়ে বসছে ৯৯টি ‘সারকুলার সসেজ’

হুগলি নদীর পশ্চিম পাড়ের ভাঙন একটি অন্যতম সমস্যা উলুবেড়িয়ায়। নদী ভাঙন রুখতে সেচদপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও ভাঙন আটকানো যাচ্ছে না।

ভাঙন রুখতে হুগলির পশ্চিমপাড়ে বসছে ৯৯টি ‘সারকুলার সসেজ’
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: হুগলি নদীর পশ্চিম পাড়ের ভাঙন একটি অন্যতম সমস্যা উলুবেড়িয়ায়। নদী ভাঙন রুখতে সেচদপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও ভাঙন আটকানো যাচ্ছে না। ফলে নদীপাড়ের বাসিন্দাদের আতঙ্ক কিছুতেই কাটছে না। নদী ভাঙন আটকাতে সেচদপ্তর এবার সারকুলার সসেজ পদ্ধতি অবলম্বন করছে। এই পদ্ধতিতে লম্বা বাঁশের খাঁচার মধ্যে ইট বোঝাই করে ভাঙন প্রবণ এলাকায় নদীর পাড়ে লম্বা করে রাখা হচ্ছে। সেচদপ্তরের আশা, এর ফলে ভাঙন অনেকটাই আটকানো সম্ভব হবে।

Advertisement

বছর তিনকে আগে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুর গ্রামে হুগলি নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। প্রায় ৫০ মিটার রাস্তা নদীগর্ভে চলে যায় তখন। দু’বছর আগে উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুর বাঁশতলায় প্রথমে ৬০ মিটারের মতো রাস্তা নদীর গ্রাসে বিলুপ্ত হয়, তার মাসখানেক বাদে ফের ভাঙন বড়ো আকার নিলে আরও ৫০ মিটার রাস্তা কেড়ে নেয় হুগলি নদী। 
ভাঙন রুখতে বাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছে সেচদপ্তর। বাসুদেবপুরে ভাঙনপ্রবণ এলাকায় ভাঙা ইটের টুকরো, বালির বস্তা ফেলার পাশাপাশি নদীবাঁধে এক বিশেষ ধরনের পলি মার্কিং শিট বিছানো হয়। এখন ভাঙনপ্রবণ এলাকায় বিশেষ ধরনের বাঁশের খাঁচা পরকো পাতা হয়েছে। সেইসঙ্গে বাঁধের ধারে ইটের ম্যাট্রেস পেতেছে সেচদপ্তর। কিন্তু এত কিছুর পরেও ভাঙন আটকানো যাচ্ছে না। তাই এবার সারকুলার সসেজ বা ইট বোঝাই বিশেষ ধরনের লম্বা বাঁশের খাঁচা পাতার উদ্যোগ নিয়েছে দপ্তর। ইতিমধ্যে জগদীশপুরে সারকুলার সসেজ পাতার কাজ শুরু হয়েছে।
সেচদপ্তর সূত্রে খবর, ২০ মিটার লম্বা এক একটি খাঁচায় ছ’হাজারের মতো ইট বোঝাই করে উলম্বভাবে পাতা হচ্ছে। প্রতিটি ভাঙনপ্রবণ এলাকায় এমন ন’টি করে খাঁচা পাতা হবে। মোট ১১টি জায়গায় সব মিলিয়ে ৯৯টি খাঁচা পাতার পরিকল্পনা করা হয়েছে। উলুবেড়িয়ার দু’টি ভাঙনপ্রবণ এলাকার পাঁচটি জায়গায় মোট ৪৫টি খাঁচা পাতার কথা। সেচদপ্তরের এক কর্তা বলেন, নদী ভাঙন আটকানোর সব রকম চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি, এই পদ্ধতিতে ভাঙন আটকানো অনেকটাই সম্ভব হবে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ