Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাবক্ষে পার্টি-অনুষ্ঠানের জন্য প্রস্তুত ৮ ভেসেল, ‘ভ্রমণসঙ্গী’ ভাড়া দিতে উদ্যোগ

সেই সময় তাদের হাতে ভেসেল থাকলেও সেগুলি অনুষ্ঠানের জন্য উপযোগী ছিল না।

গঙ্গাবক্ষে পার্টি-অনুষ্ঠানের জন্য প্রস্তুত ৮  ভেসেল, ‘ভ্রমণসঙ্গী’ ভাড়া দিতে উদ্যোগ
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিজস্ব আয় বাড়াতে এক বছর আগেই ফেরি সার্ভিসকে পর্যটন কিংবা অনুষ্ঠানের জন্য ভাড়া দিতে উদ্যোগী হয়েছিল হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি। সেই সময় তাদের হাতে ভেসেল থাকলেও সেগুলি অনুষ্ঠানের জন্য উপযোগী ছিল না। ওই ভেসেলগুলির পরিকাঠামোকে ঢেলে সাজাতে দরকার ছিল কয়েক কোটি টাকা। অর্থের অভাবেই আটকে ছিল ভাবনার বাস্তবায়ন। অবশেষে রাজ্য পরিবহণ দপ্তর ২ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করায় আটটি ভেসেলকে অনুষ্ঠানের উপযোগী করে তুলতে পেরেছে সমিতি। ইতিমধ্যে সেগুলি হাতেও পেয়ে গিয়েছে তারা। এখন পর্যাপ্ত ভেসেল থাকায় ফের ‘ভ্রমণসঙ্গী’র পরিকল্পনাকে কার্যকর করতে চাইছেন সমিতির কর্মকর্তারা। নতুন বছরেই গঙ্গাবক্ষে ভাসমান পার্টির জন্য পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিষেবা মিলবে পিপিপি মডেলে। একারণেই খোঁজা হচ্ছে বেসরকারি সংস্থা।

Advertisement

বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান কিংবা পিকনিক। ইদানীং অনুষ্ঠান ভবন, ব্যাঙ্কোয়েটের বদলে অনেকেই গঙ্গাবক্ষে আলোয় সেজে ওঠা ভেসেল কয়েক ঘণ্টার জন্য ভাড়ায় নিতে আগ্রহ দেখান। সেই চাহিদাকে মাথায় রেখেই বছরখানেক আগে একটি স্টিলের ডাবলডেকার ভেসেলকে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি। ঠিক হয়েছিল, সমিতির প্রতিটি ভেসেল মেরামত হয়ে চলে এলেই এমন উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন ভেসেলের নাম রাখা হবে ‘ভ্রমণসঙ্গী’। বাউড়িয়া থেকে গার্ডেনরিচ রুটে চলাচলকারী এমভি চোখাচোখি নামের দোতলা স্টিলের ভেসেলটিকে এজন্য নতুন করে সাজানোর পরিকল্পনা করা হয়। কারণ ওই ভেসেলে একসঙ্গে প্রায় ২০০ জন সফর করতে পারেন। কয়েক ঘণ্টার অনুষ্ঠানের জন্য সেখানে যাবতীয় আধুনিক পরিকাঠামো তৈরির কথা ভাবা হয়। কিন্তু গোটা পরিকল্পনাকে বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় টাকা। সমিতি সূত্রে জানা গিয়েছে, ভেসেলগুলি অনুষ্ঠানের জন্য সাজিয়ে তুলতে হলে প্রয়োজন অন্তত ৩০ থেকে ৫০ লক্ষ টাকা। কিন্তু অত টাকা সমিতির কোষাগারে ছিল না। অবশেষে রাজ্য পরিবহণ দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় এখন নয় নয় করে আটটি ভেসেলকে গঙ্গা-ট্যুরিজমে নামাতে সক্ষম হুগলি নদী জলপথ পরিবহণ সংস্থা। 
সমিতির ডিরেক্টর অজয় দে বলেন, ‘ভেসেলের সৌন্দর্যায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য কোনও সংস্থা রাজি হলে তারাও নির্দিষ্ট স্লটে সেটিকে ভাড়ায় চালাতে পারবে। অন্যান্য সময় সমিতির তরফে ভ্রমণসঙ্গীকে ভাড়া দেওয়া হবে। এতে আয় কয়েকগুণ বাড়বে। এখনও পর্যন্ত হাওড়ায় এই ধরনের পরিষেবা নেই।’ সমিতির দাবি, শুধু রিসেপশন বা জন্মদিনের অনুষ্ঠান নয়, এখন প্রি-ওয়েডিং ফটোশ্যুট বা রি-ইউনিয়নের জন্যও অনেকে ভেসেল ভাড়ায় চাইছেন। বিশেষ করে শীতকালে সপ্তাহান্তে এই চাহিদা বেশ তুঙ্গে। গঙ্গাবক্ষে ‘ভ্রমণসঙ্গী’ চালু হলে বাড়তি মাত্রা পাবে পর্যটনও।

Advertisement
সম্পর্কিত সংবাদ