Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

একুশে দুবরাজপুরে ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার ৮ তৃণমূল কর্মী

দুবরাজপুরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আট তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়েছে। অভিযোগে রয়েছে ঘরবাড়ি ভাঙচুর ও মহিলাদের শ্লীলতাহানি। বিস্তারিত পড়ুন।

একুশে দুবরাজপুরে ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার ৮ তৃণমূল কর্মী
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ২০২১ সালের বিধানসভা ভোটের পর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল আট তৃণমূল কর্মীকে। তাঁদের মধ্যে রয়েছেন, দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরফে কাঞ্চন। গত ২ জুলাই এই নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। এরপর বুধবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি দুবরাজপুর থানায় অভিযোগ করেন যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর ঠিক পরের দিন তৃণমূল নেতা কাঞ্চনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁরা ওই ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করে এবং ঘরবাড়ি লুটপাট করে। এই অভিযোগের ভিত্তিতেই বুধবার ভোরে কাঞ্চন সহ আটজনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে কাঞ্চন সহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছিল। আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে। এর আগে গত রবিবারও একই রকম দু’টি ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়তের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কিশোর মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, ২০২২ সালের দুবরাজপুর পুরসভা নির্বাচনের দিন ৩ নম্বর ওয়ার্ডের বিজেপির এক মহিলা প্রার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ধীমান লাহা নামের এক তৃণমূল কর্মীকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ