Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার ভাঙন ডায়মন্ডহারবারে, ইস্তফা ৮ তৃণমূল কাউন্সিলারের

এখন যা পরিস্থিতি তাতে আর মাত্র একজন পদত্যাগ করলেই ভেঙে যাবে বোর্ড। তখন বসাতে হবে প্রশাসক।

এবার ভাঙন ডায়মন্ডহারবারে, ইস্তফা ৮ তৃণমূল কাউন্সিলারের
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বারাকপুর মহকুমায় একাধিক পুরসভায় কাউন্সিলারদের পদত্যাগের জেরে বোর্ড ভেঙে দিতে হয়েছে। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে ভাঙন ধরল তৃণমূলে। ডায়মন্ডহারবার পুরসভার আট কাউন্সিলার সোমবার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই পুরসভায় মোট কাউন্সিলারের সংখ্যা ১৬। এখন যা পরিস্থিতি তাতে আর মাত্র একজন পদত্যাগ করলেই ভেঙে যাবে বোর্ড। তখন বসাতে হবে প্রশাসক। রাজনৈতিক মহলের ধারণা, এবার আর ডায়মন্ডহারবার মডেল বলে কিছুই থাকবে না।

Advertisement

এদিন ১, ২, ৭, ৮, ৯, ১১, ১৩ এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শোনা যাচ্ছে, আরও কয়েকজন এই তালিকায় যুক্ত হতে পারেন। যে ডায়মন্ডহারবার এক সময় তৃণমূলের গড় হয়ে দাঁড়িয়েছিল, সেখানেই আজ একের পর এক ওয়ার্ডে ভাঙন ধরেছে। পদত্যাগ প্রসঙ্গে অমিত সাহা নামের এক কাউন্সিলার বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার বাংলা গড়বেন। আমরা চাই ডায়মন্ডহারবার ভালো থাকুক। উন্নয়ন হোক। সে কারণেই পদত্যাগ করছি। এই পুরসভায় ৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে দুর্নীতি হয়েছে। সেটি নিয়ে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এতদিন ধরে এখানে পুলিশি অত্যাচার নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই কাউন্সিলার। তবে তাঁদের সিদ্ধান্ত যে কোনো রাজনৈতিক দলের চাপে নয়, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন পদত্যাগীরা।
 এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, মানুষ বা কাউন্সিলাররা না চাইলে এই বোর্ড থাকবে না। আটজনের পদত্যাগপত্র বোর্ড মিটিংয়ে পেশ করা হবে। সেখানে গৃহীত হওয়ার পর তা মহকুমা শাসককে জানানো হবে। বোর্ড ভেঙে গেলে তো প্রশাসক বসাতে হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ