নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি প্রকল্পের কাজ ঘিরে কাটমানি চাওয়ার অভিযোগে উত্তেজনা বারাসতে। কদম্বগাছি পঞ্চায়েতের পিরগাছায় ড্রেন নির্মাণের কাজ শুরু হতেই ঠিকাদারের কাছে ৮ শতাংশ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। আর সেই টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলে বলেও অভিযোগ উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দত্তপুকুর থানার পুলিশ পৌঁছালেও বিজেপি নেতাদের সঙ্গে ক্ষুব্ধ গ্রামবাসীদের তুমুল ধস্তাধ্বস্তি চলে। পরে বিক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি বেগতিক বুঝে কার্যত দৌড়ে এলাকা ছাড়েন বিজেপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত-১ ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানে পিরগাছায় ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু সেই কাজ নির্বিঘ্নে এগোয়নি। কাজের বরাত ঘিরে ঠিকাদারের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের বিরোধের সূত্রপাত বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হলেও সমস্যা মেটেনি। রবিবার ফের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হলে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসে।
বাদু রোডের একটি জায়গায় আলোচনার পরেও ৮ শতাংশ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ ঠিকাদার আব্বাস আলির। এরপরেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। তাঁদের ক্ষোভ, এলাকার নিকাশি সমস্যা মেটানোর জন্য সরকারি উদ্যোগে যে কাজ হচ্ছে, সেখানে টাকা চাওয়ার অভিযোগ উঠছে কেন? আর তাতে নাম জড়ানো দুই বিজেপি নেতা সাধন মণ্ডল ও ইসলাম আলিকে ডেকে বিষয়টি নিয়ে জবাবদিহি চান বাসিন্দারা। তা থেকেই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। জনতার ঘেরাওয়ের মুখে পড়ে এলাকা ছাড়তে হয় দুই নেতাকে।
স্থানীয় বাসিন্দা মোজ্জামেল হক, সাহিদ খান বলেন, এই কাজ আমাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু সেই কাজ থেকে কাটমানি কেন নেবেন নেতারা? এদিন নেতাদের কাছে এর উত্তর চেয়েছিলাম। কিন্তু কেউই জবাব দেননি। সরকারি টাকা তৃণমূলের মতোই কি বিজেপি নেতাদের পকেটে ঢুকবে? সত্যি আজব পরিবর্তন!
যদিও কাটমানি চাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতারা। ইসলাম আলির দাবি, কাজের গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। সেই কারণেই নিয়ম মেনে কাজ করার কথা বলা হয়েছিল। টাকা চাওয়া হয়নি। অন্যদিকে সাধনের বক্তব্য, আমরা কাজ দেখতে এসেছিলাম। কোনো কিছুর জন্যই টাকা চাওয়া হয়নি।
এই ব্যাপারে ঠিকাদার আব্বাস আলি বলেন, আমার কাছে ৮ শতাংশ হারে টাকা চাইছে পার্টি ফান্ডের জন্য। সমস্ত সরকারি নিয়ম মেনেই নির্মাণকাজ চলছে। আমি একাধিকাবার নেতাদের সঙ্গে আলোচনাও করেছি। তারপরেও সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে।



