মালদহে এক সপ্তাহে  ৮টি নার্সিংহোম সিল, জরিমানা ৩টিকে
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: নিয়ম না মানার অভিযোগ। গত এক সপ্তাহে মালদহে আটটি নার্সিংহোম সিল করল প্রশাসন। এছাড়াও একটি ডায়াগনস্টিক সেন্টার ক্লোজ করে দেওয়া হয়েছে। সঙ্গে তিনটি নার্সিংহোমের বিরুদ্ধে ধার্য করা হয়েছে আর্থিক জরিমানা। আরও কয়েকটি নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে জেলা প্রশাসনের কাছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। অভিযোগের প্রমাণ মিললে ওই নার্সিংহোমগুলিরও ঝাঁপ বন্ধ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। শুক্রবার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী বলেন, স্বাস্থ্য পরিষেবার নামে রোগী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম প্রতারণা বরদাস্ত করা হবে না। অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি নার্সিংহোমকে নিয়ম মেনে চলতে হবে। নতুবা কড়া শাস্তির মুখে পড়তে হবে। 

Advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, যে আটটি নার্সিংহোম সিল করা হয়েছে, সেগুলি মূলত মালদহ সদর ও  চাঁচল মহকুমা এলাকায়। ওইসব নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, খাতায়কলমে যে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার থাকার কথা, আদৌ তিনি থাকেন না। তাছাড়া নার্স হিসাবে যাঁদের রাখা হয়েছে, তাঁরা আদৌ প্রশিক্ষিত নন। নার্সিংহোমে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয় না। নার্সিংহোমের মধ্যে যে ল্যাব রয়েছে, তার টেকনিশিয়ান প্রশিক্ষিত নন। কবে কোন রোগী ভর্তি হয়েছেন, তাঁর চিকিৎসা বাবদ কত টাকার বিল হয়েছে, কবে তাঁকে নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হয়েছে, সেই রেকর্ডও ঠিকমতো রাখা হয় না। সবচেয়ে বড়ো কথা, একটা নার্সিংহোম চালাতে গেলে যে ন্যুনতম পরিকাঠামোর প্রয়োজন, তা নেই ওইসব নার্সিংহোমে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্যদপ্তর পরিদর্শনের পর সেগুলি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 
মালদহ জেলায় দেড়শোর বেশি নার্সিংহোম রয়েছে। ডায়াগনস্টিক সেন্টার রয়েছে দু’শোর বেশি। অভিযোগ, তৃণমূল আমলে প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াই বহু নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। এবং সেগুলি লাইসেন্সও পেয়ে গিয়েছে। যদিও রাজ্যে পালাবদলের পর পরিকাঠামোহীন নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর। অভিযোগ, মালদহে এমন অনেক নার্সিংহোম রয়েছে, যেগুলি একটা বাড়ির মধ্যে কয়েকটা বেড পেতে চলছে। কম টাকায় চিকিৎসার নামে রোগী ধরে নিয়ে এসে ভর্তি করা হয় এসব নার্সিংহোমে। কিন্তু রোগীর অবস্থা সংকটজনক হলেই রেফার করে দেওয়া মালদহ মেডিকেল কিংবা অন্য কোনো সরকারি হাসপাতালে। 
মালদহ মেডিকেল কর্তৃপক্ষের অভিযোগ, অনেক ক্ষেত্রেই নার্সিংহোম থেকে রেফার হয়ে আশঙ্কাজনক অবস্থায় শিশুদের চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে আসে পরিবার। কিন্তু এমন সময়ে ওই শিশুদের নিয়ে আসা হয় যে, চেষ্টা করেও বাঁচানো অসম্ভব হয়ে পড়ে।
অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) বলেন, শিশুমৃত্যু কিংবা রোগী মৃত্যুর জন্যও দায়ী পরিকাঠামোহীন নার্সিংহোমগুলি। বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত চিকিৎসা সরঞ্জাম কিংবা প্রশিক্ষিত টেকনিশিয়ান কিছুই না থাকা সত্ত্বেও রমরমিয়ে চলছে অনেক নার্সিংহোম। অবিলম্বে সবটা ঠিক করতে না পারলে সেগুলি সব বন্ধ করে দেওয়া হবে।