প্রীতেশ বসু, কলকাতা: আজ, বুধবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। সেপ্টেম্বরে আরও আট লক্ষ নয়া উপভোক্তা যুক্ত হচ্ছেন অন্নপূর্ণা যোজনার প্রাপক তালিকায়। ফলে এই মাস থেকে ৩০০০ টাকা করে পেতে শুরু করবেন মোট ১ কোটি ৫৪ লক্ষ মহিলা। গত মাসে ১ কোটি ৪৮ লক্ষ উপভোক্তাকে এই আর্থিক সুবিধা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। তবে ব্যাংক অ্যাকাউন্টের জটিলতাসহ একাধিক কারণে শেষ পর্যন্ত ১ কোটি ৪৬ লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো গিয়েছিল বলে সূত্রের খবর।
৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। ১০ জুলাই পর্যন্ত আবেদন যাচাই করে আগস্ট মাসে সুবিধা প্রদান করে নবান্ন। তারপর ১০ থেকে ৩১ জুলাই পর্যন্ত আসা আবেদন যাচাইয়ের কাজ চলে। জেলায় জেলায় এই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এই যাচাই পর্ব শেষ হলে নতুন করে আবেদনের জন্য পোর্টাল চালু হবে বলে জানানো হয়েছিল। ফলে শীঘ্রই নতুন আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে বলে মনে করা হচ্চে।
কেউ যদি আবেদন করেও সুবিধা না পেয়ে থাকেন, তাঁদের জন্য পোর্টালে অভিযোগ জানানোর ব্যাবস্থা রয়েছে। একই সঙ্গে কোনো মহিলা রাজ্যের দেওয়া শর্ত অনুযায়ী যদি ‘অযোগ্য’ হয়েও সুবিধা পেয়ে থাকেন, তাঁদের বিরুদ্ধেও অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা রেখেছে রাজ্য। প্রায় ১৯ হাজার এমন অভিযোগ এসেছে বলে খবর। তবে এই ১৯ হাজারের মধ্যে নিজের টাকা না পাওয়ার কথাও জানিয়েছেন অনেকে। এই ১৯ হাজার অভিযোগ খতিয়ে দেখে কয়েকশো ‘অযোগ্য’ উপভোক্তা পাওয়া গিয়েছে বলেই সূত্রের খবর। তাঁদের ক্ষেত্রে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে। তাঁদের অ্যাকাউন্টে আগে যে টাকা ঢুকেছিল, তা উদ্ধার করার চেষ্টাও চলছে বলে খবর।
এ মাসের টাকা আজ থেকে ছাড়া চালু হলেও সকলের অ্যাকাউন্টে তা পাঠাতে অন্তত তিন থেকে চারদিন সময় লাগবে। ১৭ সেপ্টেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যে পালিত হবে ‘অন্নপূর্ণা দিবস’। ওই দিন রাজ্যস্তরের মূল অনুষ্ঠান হবে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে। যার প্রস্তুতি চলছে জোরকদমে। এখানে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫০ হাজার অন্নপূর্ণা উপভোক্তা উপস্থিত থাকবেন। ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষ্যে জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তা দেখানোর কথাও রয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে এখনও গ্রিন সিগন্যাল মেলেনি বলেই খবর। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তিনি বেশ কয়েকজন নয়া উপভোক্তার হাতে এই প্রকল্পের সুবিধা তুলে দেবেন।