মণিপুরে বিষমদের বলি ১১ জন, অসুস্থ শতাধিক
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে বিষমদ কাণ্ডে মৃত্যু হল অন্তত ১১ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ২০০ জন। ঘটনাটি ঘটেছে চান্দেল জেলার চাকপিকারং মহকুমা ও সংলগ্ন এলাকায়। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, অসুস্থ অবস্থায় শিজা হাসপাতালে ৭৮ জন এবং বাবিনা হাসপাতালে ২৩ জনকে ভরতি করা হয়েছে। পাশাপাশি রিমস হাসপাতালে একই উপসর্গ নিয়ে বহু মানুষ আসছেন বলে খবর। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যজুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে মণিপুর সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে স্থানীয়ভাবে তৈরি মদ খাওয়া থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, মদ্যপানের পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এমনকি, সন্দেহভাজন উৎস থেকে মদ্যপান করেছেন, অথচ এখনও কোনো উপসর্গ দেখা যায়নি, এমন ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আপৎকালীন নম্বরও জারি করা হয়েছে।

Advertisement