Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিকল্প রাস্তার সম্প্রসারণে বরাদ্দ ৭৭০ কোটি টাকা

বিকল্প রাস্তার সম্প্রসারণে বরাদ্দ ৭৭০ কোটি টাকা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অবশেষে টনক নড়ল কেন্দ্রের! তারা ধসবিধ্বস্ত সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইনের বিকল্প রাস্তা সম্প্রসারণে উদ্যোগী হল। প্রশাসন সূত্রে খবর, ১০ নম্বর জাতীয় সড়কের বিকল্প ৭১৭এ জাতীয় সড়ক। এটি চওড়া করতে বরাদ্দ করা হচ্ছে ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা। রবিবার একথা জানান কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকড়ি। এতে খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের একাংশ। তা হলেও তাঁরা সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা তৈরির দাবি তুলেছেন। প্রতিবর্ষায় আতঙ্কের সরণীতে পরিণত হয় সিকিম ও কালিম্পংয়ের ১০ নম্বর জাতীয় সড়ক। ধস ও তিস্তা নদীর ছোবলে রাস্তাটি কার্যত বিধ্বস্ত। গত বর্ষার মরশুমে দীর্ঘদিন বন্ধ ছিল রাস্তাটি। এতে পর্যটন ব্যবসায় ব্যাপক লোকসান হয়। পাশাপাশি চীন সীমান্তে মোতায়েন সেনা বাহিনীর সঙ্গেও সহজ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। এজন্য রাজ্যের হাত থেকে সংশ্লিষ্ট রাস্তা মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার হাতে দেওয়া হয়। এবার সংশ্লিষ্ট রাস্তার বিকল্প হিসেবে ৭১৭এ সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

Advertisement

বাগরাকোট, লাভা, পেডং, কাফের, ঋষি হয়ে সিকিমে পৌঁছবে এই রাস্তা। দুই লেন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাস্তার ২৩ কিমির বেশি অংশ চওড়া করা হবে। যারমধ্যে লাভা মোড় থেকে পেডং বাইপাস পর্যন্ত ১৮.৪২ কিমি এবং ঋষি থেকে সিকিমের রেণক পর্যন্ত ৫.২ কিমি রাস্তা সম্প্রসারণ হবে। একইসঙ্গে কালিম্পংয়ের বাগরাকোট থেকে কাফের পর্যন্ত রাস্তার বিপজ্জনক ঢালও মেরামত করা হবে। এজন্যই ওই টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সড়কে একটি লুপ ব্রিজ তৈরির কাজ শেষের পথে। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী জানান, বর্ষার মরশুমে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হলে ৭১৭এ জাতীয় সড়কটি বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। সারা বছরই রাস্তাটি দিয়ে যান চলাচল করতে পারবে। এতে সিকিম, কালিম্পংয়ের পর্যটন শিল্প ও গ্রামীণ অর্থনীতিতে আরও গতি আসবে।  প্রসঙ্গত, শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগের প্রধান রাস্তা এনএইচ ১০। রাস্তাটির প্রায় ৫৭ কিমি অংশ বাংলা এবং ৮৭ কিমি সিকিমের অধীনে। পর্যটন শিল্প, সিকিম ও কালিম্পংয়ের গ্রামীণ অর্থনীতি, হোটেল, হোমস্টে, পর্যটন শিল্প চাঙ্গা করা ও সেনা বাহিনীর যাতায়াতের সুবিধার জন্য রাস্তাটি মেরামত করার দাবি বহুদিনের। ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, ১০ নম্বর জাতীয় সড়কের আমূল সংস্কার করা কিংবা সংশ্লিষ্ট সড়কের পাশ দিয়ে আরএকটি বিকল্প রাস্তা তৈরির দাবি কেন্দ্রের কাছে জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ