Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে ভোটার তালিকা থেকে ৭ লক্ষ ৫৮ হাজার নাম বাদ, রাজ্যে নাম বাতিলে শীর্ষে সামশেরগঞ্জ

রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই জেলায় এখনও অবধি ৭লক্ষ ৫৮হাজার ৫৫২জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদে ভোটার তালিকা থেকে ৭ লক্ষ ৫৮ হাজার নাম বাদ, রাজ্যে নাম বাতিলে শীর্ষে সামশেরগঞ্জ
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৮:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই জেলায় এখনও অবধি ৭লক্ষ ৫৮হাজার ৫৫২জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিধানসভাগুলির মধ্যে নাম বাদের তালিকায় শীর্ষে সামশেরগঞ্জ। এই বিধানসভায় প্রায় ৭৫হাজার মানুষের নাম বাদ পড়েছে।

Advertisement

এনিয়ে কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল। তবে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক শাখারভ সরকার বলেন, বৈধ ভোটার বাছতেই কমিশন এসআইআর করেছে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই।
জেলা প্রশাসন জানিয়েছে, এসআইআরের আগে গত নভেম্বরে জেলায় ভোটার ছিলেন ৫৭লক্ষ ৬৪হাজার ৮৫জন। প্রথম খসড়া তালিকায় ২লক্ষ ৭৮হাজার ৮৩৭জনের নাম বাদ যায়। পরবর্তীতে আরও ৯৭৭৮টি নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় ১৪হাজার ৮০০ভোটারের নাম বাদ পড়ে।
এছাড়া, এসআইআর প্রক্রিয়ায় মুর্শিদাবাদ জেলাতেই সবচেয়ে বেশি ভোটার বিচারাধীন ছিলেন। সংখ্যাটা ১১লক্ষ ১হাজার ১৪৫। জুডিশিয়াল অফিসাররা নথি যাচাইয়ের পর তার মধ্যে ৪লক্ষ ৫৫হাজার ১৩৭জনকে অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত করা হয়। বাকি ৬লক্ষ ৩৩হাজার ৬৭১জনের নাম তালিকায় উঠেছে। ফলে সবমিলিয়ে, জেলায় সাড়ে সাত লক্ষের বেশি নাম বাদ পড়েছে।
রাজ্যের মধ্যে সামশেরগঞ্জ বিধানসভায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এখানে ১লক্ষ ৮হাজার ৪০০জন বিচারাধীন ছিলেন। এর মধ্যে মাত্র ৩৩হাজার ১৫২জনের নাম তালিকায় উঠেছে। প্রায় ৭৪হাজার ৭৭৫টি নাম বাদ দেওয়া হয়েছে।
ফরাক্কা বিধানসভায় ৮২হাজার ৫৮০জনের নাম বিচারাধীন ছিল। এর মধ্যে ৪১হাজার ১৭৫জনের নাম তালিকায় উঠেছে। প্রায় ৩৮হাজার ২২জন ডিলিটেড ভোটার।
সূতি বিধানসভায় ১লক্ষ ৪হাজার ৯৮০টি নাম বিচারাধীন ছিল। তার মধ্যে ৬৬হাজার ১৯৫জনের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন জুডিশিয়াল অফিসাররা। এই বিধানসভায় প্রায় ৩৭হাজার ৯৬৫জনের নাম বাদ পড়েছে।
জঙ্গিপুর বিধানসভায় ৭৫হাজার ৭২০জন বিচারাধীন ছিলেন। এর মধ্যে প্রায় ৩৯হাজার জন ভোটাধিকার ফিরে পাচ্ছেন। প্রায় ৩৫হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। রঘুনাথগঞ্জ বিধানসভায় ১লক্ষ ১৫হাজার ৮৭জন বিচারাধীন ছিলেন। এর মধ্যে প্রায় ৬৫হাজার নাম তালিকায় থাকছে। বাকি প্রায় ৪৬হাজার নাম বাদ পড়েছে।
সীমান্তবর্তী ভগবানগোলা বিধানসভায় ১লক্ষ ৯ হাজার ৪৩৫জন বিচারাধীন ছিলেন। তার মধ্যে ৬১হাজার ভোটারের নাম তালিকায় উঠেছে। বাকি প্রায় ৪৭হাজার মানুষ এবার ভোট দিতে পারবেন না। লালগোলা বিধানসভায় ৯৯হাজারের বেশি নাম বিচারাধীন ছিল। যার মধ্যে ৪৩হাজারের নাম উঠেছে। বাকি প্রায় ৫৫হাজার ভোটারের নাম বাদ পড়েছে।
সাগরদিঘি বিধানসভায় ৭২হাজারের বেশি নাম বিচারাধীন ছিল। এর মধ্যে প্রায় ৫০হাজার নাম উঠেছে। ২১হাজারের বেশি নাম বাদ যাচ্ছে। রানিনগর বিধানসভায় ৯২হাজার নাম বিচারাধীন ছিল। তার মধ্যে ৭৫হাজার নাম উঠছে। প্রায় ১৭হাজার নাম বাদ পড়েছে।
জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, নির্বাচনের আগে এসআইআর নিয়ে শুরু থেকে আমাদের সন্দেহ ছিল। যে লক্ষ লক্ষ নাম বিচারাধীন ছিল, তাঁদের অর্ধেকের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির কথামতো সংখ্যালঘুদের নাম বাদ দিতে মরিয়া হয়ে উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ