নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, তারকেশ্বর: শুক্রবার রাত থেকে শনিবার বিকেল, প্রায় ২৪ ঘণ্টায় দুই পৃথক অভিযানে ৭৫ কেজিরও বেশি গাঁজা বাজেয়াপ্ত করল হুগলি গ্রামীণ পুলিশ। শুক্রবার রাতে বলাগড়ের ডুমুরদহ বাসস্ট্যান্ড থেকে পুলিশ প্রায় ৫২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। একটি গাড়িতে সেই গাঁজা মগরা থেকে বলাগড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ঘটনায় মৃগাঙ্ক গায়েন ও দীপক কুমার নামে দু’জনকে পুলিশ গ্রেপ্তার করে। অন্যদিকে, শনিবার দুপুরে হরিপালের নালিকুলের একটি বাড়িতে হানা দিয়ে প্রায় ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে হরিপাল থানার পুলিশ। ওই ঘটনায় দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের শনিবারই আদালতে পেশ করা হয়। বলাগড়ের দু’জনকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতেই চন্দননগর কমিশনারেটের অন্তর্গত হিন্দমোটর এলাকা থেকে চারজনকে গাঁজা সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কিছুদিন আগেই পোলবা-দাদপুরের একটি গ্যারাজ থেকে বিপুল গাঁজা বাজেয়াপ্ত হয়েছিল। হুগলি গ্রামীণ পুলিশ জানিয়েছে, মাদক প্রতিরোধে গ্রামীণ পুলিশ বিশেষ সক্রিয় আছে। সেই কারণেই বারবার গাঁজা চক্রের পর্দা ফাঁস করা সম্ভব হচ্ছে।
গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে বলাগড়ের দিকে বিশেষ নজর রাখা হয়েছিল। পরে ডুমুরদহ বাসস্ট্যান্ড এলাকায় একটি নীল রঙের চারচাকা গাড়িকে আটক করা হয়। তাতে তল্লাশি চালিয়ে দু’টি মুখবন্ধ বস্তা মেলে। তার মধ্যেই একটি প্যাকেটে রীতিমতো সিল করে গাঁজা বোঝাই করা ছিল। রাতের এই অভিযানে মোট ৫২.১১ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপর শনিবার দুপুরে হরিপালের নালিকুলের একটি বাড়ি থেকে বস্তাবোঝাই ২৩.৬৪৮ কেজি গাঁজা উদ্ধার হয়। ওয়াকিবহাল মহলের দাবি, হুগলি গ্রামীণ এলাকা থেকে কমিশনারেট এলাকায় গাঁজা পাচারের ঘটনা বেড়ে যাওয়ার কারণ স্পষ্ট হয়নি। আর সেখানেই উদ্বেগ থাকছে।



