Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন জখম

ইটাহারে জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন জখম
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: সাত শতক জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ন’জন জখম হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ঘেরা এলাকায়। জখমদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘনা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের পরিবারের সঙ্গে ঘেরা মিলপাড়ার বাসিন্দা আনিস আলির পরিবারের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিবাদ চলছিল। দু’পক্ষই ওই জমির মালিকানা দাবি করে আসছে। ১৯ শতক জমির মধ্যে ১২ শতক জমি মোজাম্মেলের পরিবারের নামে রেকর্ড আছে। বাকি সাত শতক জমিও মোজাম্মেল দাবি করছে। 

Advertisement

জানা গিয়েছে, বহু বছর আগে ওই সাত শতক জমি চাষ করার জন্য মোজাম্মেলের বাবা আনিসের পরিবারকে দেন। অভিযোগ, সেই জমি বর্তমানে ছাড়তে নারাজ আনিস। গ্রাম্য সালিসিতেও এর সুরাহা হয়নি। এরই মধ্যে মঙ্গলবার ওই জমিতে থাকা মোজাম্মেলের তৈরি করা টিনের ঘর ভাঙতে যান আনিস সহ তাঁর পরিজন। সেই সময় মোজাম্মেল সহ তাঁর পরিজনরা বাধা দেন। এরপর আনিস সহ তাঁর পরিজন লোহার রড, বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় মোজাম্মেল সহ তাঁর পরিজনদের উপর। মোজাম্মেল বলেন, অনৈতিকভাবে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করতে চাইছে আনিস। তার প্রতিবাদ করায় মার খেতে হল। অল্পের জন্য প্রাণে বাঁচলাম।
এই ঘটনায় উভয়পক্ষের পাঁচ মহিলা সহ ন’জন গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদেরকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তবে ওই জমির নথি উভয়পক্ষের কাছে আছে বলে তারা দাবি করেছে। এবিষয়ে আনিস বলেন, সাত শতক জমির বৈধ কাগজ আমাদের কাছে আছে। আমরা সেখানে দীর্ঘদিন থেকে চাষাবাদ করেছি। ইটাহার থানার পুলিস জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।  জমি বিবাদে জখমরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ