নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বহুদিন আগেই। তা সত্ত্বেও কলকাতা শহরের হোটেলে গা-ঢাকা দিয়ে রুটি-রুজির জোগাড় করছিল ছয় বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট থানার পুলিশ রবিবার সন্ধ্যায় ওই ছয় বাংলাদেশিকে পাকড়াও করেছে। ধৃতরা হল, আবির হোসেন, মহম্মদ রশিদ, আলিমুন গাজি, আজিম মোল্লা, ফইজুল আমিন ও জাহিদুল ইসলাম। এরা কেউ টাঙ্গাইল, কেউ ঢাকা আবার কেউ নোয়াখালির বাসিন্দা। এদের মতোই ভিসার মেয়াদ উত্তীর্ণ আর কেউ কলকাতা বা রাজ্যের অন্য কোনও প্রান্তে গা-ঢাকা দিয়ে রয়েছে কি না, তার খোঁজ শুরু
করেছে পুলিশ।
সোমবার আদালতে সরকারি আইনজীবীর পেশ করা নথি থেকে জানা গিয়েছে, ধৃত ছয় বাংলাদেশির মধ্যে তিনজনের ভিসার মেয়াদ শেষ হয়েছিল গত বছরের ডিসেম্বরে। বাকিদের ভিসার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। তারপরেও তারা দেশে ফিরে না গিয়ে কলকাতায় থেকে যায়। এখানেই টুকটাক কাজকর্ম করছিল। ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও বাংলাদেশিরা কেন কলকাতায় থেকে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের তরফে এদিন আদালতে জামিনের আর্জি জানানো হয়। বিচারক সেই আবেদন নাকচ করে দিয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জেল হেপাজতে রাখার নির্দেশ দেন। এদিন সরকার পক্ষ থেকে ধৃতদের প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করার আর্জি জানায়। বিচারক সেই আবেদনেও ‘সিলমোহর’ দেন। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সংশোধনাগারে গিয়ে ধৃত বাংলাদেশিদের একপ্রস্থ জেরা করবে পুলিশ। ধৃতদের জেরা করে যদি নতুন কোনও তথ্য মেলে, সেই উদ্দেশ্যেই এই আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ধৃত বাংলাদেশিরা রাজনৈতিক কোনও কারণে কলকাতায় এসে গা-ঢাকা দিয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন সরকারি কৌঁসুলি আদালতে জানান, বাংলাদেশিদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ভিসা সহ যাবতীয় নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। যে সমস্ত হোটেল তারা বসবাস করছিল, সেখানকার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলাও দায়ের করছে।