নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা রাসবিহারী অ্যাভিনিউ। পুজোর এই রাস্তায় যানবাহন চলাচল এবং মানুষের যাতায়াত সচল রাখতে কালঘাম ছোটে পুলিশের। তা সত্ত্বেও যানজট হয়। এই যন্ত্রণা প্রতিবছরের। এবছর পরিস্থিতি বদলে ফেলার চেষ্টা করছে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার। শুধুমাত্র রাসবিহারী অ্যাভিনিউতে ট্রাফিক সামলাতে মোতায়েন করা হবে ৫০০ পুলিশকর্মী।
চেতলা ব্রিজ থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট মোড় হয়ে রুবি-বাইপাস ক্রসিং পর্যন্ত রাসবিহারী অ্যাভিনিউ বিস্তৃত। এই রাস্তার দু’দিকে একের পর এক নামকরা পুজো হয়। আশপাশের এলাকার পুজো দেখার ক্ষেত্রেও এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করে বেশিরভাগ মানুষ। কলকাতা পুলিশের হিসেব অনুযায়ী, এই রাস্তায় পুজোর সময় প্রতি ঘণ্টায় প্রায় দেড় লক্ষ মানুষ যাতায়াত করেন। একইসঙ্গে প্রায় ২০ হাজার বাস-ট্যাক্সি-গাড়ি যাতায়াত করে। ট্রাফিক বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এই রাস্তার বিপুল জনসমাগম প্রতিবছর চিন্তার কারণ হয়ে ওঠে। পাশাপাশি এখানে ঠাকুর দেখার জন্য আনাগোনা থকে ভিআইপিদে’র। সবমিলিয়ে নাভিশ্বাস ওঠে পুলিশের। সে কারণেই বাড়তি পুলিশ মোতায়েন করাকে গুরুত্ব দিয়েছে লালবাজার।
সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকটি জোনে ভাগ করা হয়েছে এই রাস্তাটিকে। চেতলা ব্রিজ থেকে রাসবিহারী মোড় পর্যন্ত প্রথম জোন। রাসবিহারী থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত দ্বিতীয় জোন। সেখান থেকে গড়িয়াহাট পর্যন্ত তৃতীয় জোন। বিজন সেতু থেকে বোসপুকুর পর্যন্ত চতুর্থ. এবং রুবি ক্রসিং পর্যন্ত পঞ্চম জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল রাসবিহারী মোড় ও গড়িয়াহাট মোড় চত্বরের জোন দু’টি। এই দু’টি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। তাঁকে সহায়তা করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। একইসঙ্গে এই রাস্তাটিতে গাড়ি পার্ক করার সমস্যা দেখা দেয় পুজোর সময়। তা আটকাতে দায়িত্বে থাকবেন ট্রাফিক বিভাগের একজন ইন্সপেক্টর। রাসবিহারী মোড় সংলগ্ন এলাকায় কালীঘাট মেট্রো স্টেশনও রয়েছে। এখন গ্রিন লাইন ও ব্লু লাইন জুড়ে যাওয়ায় সল্টলেক ও হাওড়া থেকে আসা জনতার ভিড় দক্ষিণ কলকাতায় আরও বাড়বে। ফলে রাসবিহারী মোড়ে চাপ অন্যান্য বারের তুলনায় এবার আরও বাড়বে। সে কথা মাথায় রেখে এই মোড়ের ক্ষেত্রে ৫০ অতিরিক্ত পুলিশকর্মী দেওয়া হচ্ছে।
অন্যদিকে দেশপ্রিয় পার্কের কাছে প্রচুর মানুষ আসেন। ম্যাডক্স স্কোয়ার ও যাদবপুর, যোধপুর পার্ক থেকে এই পথে মানুষ ভিড় জমান দেশপ্রিয় পার্কের প্রতিমা দেখতে। তাই এখানেও ৫০ অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। গড়িয়াহাটে একডালিয়া, সিংহী পার্ক, ত্রিধারার মতো বড় মাপের পুজো দেখতে লক্ষ লক্ষ মানুষ আসে। সেখানেও প্রয়োজন বুঝে বাড়তি পুলিশ মোতায়েন হবে।